দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরুর এক দিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। জোহানেসবার্গের পেস সহায়ক উইকেট বিবেচনায় তিন পেসার ও এক স্পিনার নিয়ে মাঠে নামছে স্বাগতিকেরা।
এই ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন জুবাইর হামজা ও ডেইন প্যাটারসন। প্রায় দুই বছর পর টেস্ট দলে ফিরছেন এই দুই ক্রিকেটার। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন ডেভিড বেডিংহ্যাম ও জেরাল্ড কোয়েটজি। অবশ্য চলতি সিরিজের স্কোয়াডেই নেই তাঁরা।
ঘরোয়া ক্রিকেটে দারুণ সম্ভাবনা দেখিয়ে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন হামজা। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো প্রত্যাশা অনুযায়ী নিজেকে মেলে ধরতে পারেননি এই ব্যাটসম্যান। ৮ টেস্টে তাঁর সংগ্রহ ৩০৭ রান। ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।
হামজার মতো প্যাটারসনও দীর্ঘ বিরতির পর টেস্ট একাদশে ফিরেছেন। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে সর্বশেষ খেলেছিলেন এই পেসার।
পেস আক্রমণে প্যাটারসনের সঙ্গে থাকছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডার। আর স্পিন বিভাগ সামলাবেন সাইমন হার্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্টে ভালো পারফরম্যান্স করলেও একাদশে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার কেশভ মহারাজের।
আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার একাদশ
এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিজকে, রায়ান রিকেলটন, মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা ও ডেইন প্যাটারসন।