বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলার ঘটনা ঘটেছে। গত ২৯ অক্টোবর মাত্র কয়েক ঘণ্টার পরিকল্পিত হামলায় প্রতিষ্ঠানটির বিভিন্ন ওয়ালেট থেকে প্রায় ৬৩০ কোটি ডলার সমমূল্যের ডিজিটাল সম্পদ চুরি হয়েছে। ব্লকচেইন বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, হামলার বড় অংশ সম্পন্ন হয় মাত্র ২০ মিনিটে। এ ঘটনায় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটার’কে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
এফবিআইয়ের
ভাষ্য অনুযায়ী, চুরি করা সম্পদের
বড় অংশ ইথেরিয়ামে রূপান্তর
করে পাচারের চেষ্টা চালানো হয়। যদিও বাইন্যান্স
ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান চুরি হওয়া সম্পদ
শনাক্ত, জব্দ এবং গ্রাহকদের
ক্ষতি পূরণে উদ্যোগ নিয়েছে। তবু এই ঘটনা
ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন প্রযুক্তি এবং ডিজিটাল সম্পদের
নিরাপত্তা নিয়ে নতুন করে
উদ্বেগ তৈরি করেছে।
প্রকৌশলীর
কম্পিউটার থেকে হামলার সূত্রপাত
প্রাথমিক
তদন্তে বাইন্যান্সের একজন প্রকৌশলীর ল্যাপটপ
আক্রান্ত হওয়ার তথ্য সামনে আসে।
পরে বিস্তারিত তদন্তে দেখা যায়, হ্যাকাররা
আরও পরিকল্পিত পদ্ধতিতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থায় প্রবেশ করে।
ক্ষতিকর
সফটওয়্যারযুক্ত এআই কোডিং টুল
এবং ভুয়া চাকরির সাক্ষাৎকারের
মাধ্যমে প্রকৌশলীদের কম্পিউটারে প্রবেশের সুযোগ তৈরি করা হয়।
এরপর অভ্যন্তরীণ ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে ওয়ালেট পরিচালনার
গুরুত্বপূর্ণ অনুমোদনপ্রক্রিয়ায় হস্তক্ষেপ করে হ্যাকাররা।
এ
ক্ষেত্রে ইথেরিয়ামের EIP-7702 নামের প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করে একটি ক্ষতিকর
স্মার্ট কন্ট্রাক্টকে ওয়ালেটের কার্যক্রমে প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হয়। এর ফলে
প্রচলিত উত্তোলনপ্রক্রিয়ার বাইরে গিয়ে ডিজিটাল সম্পদ
সরিয়ে নেওয়া সম্ভব হয়।
ঘটনাটি
দেখিয়েছে, শুধু ব্লকচেইনের প্রযুক্তিগত
দুর্বলতা নয়, কর্মীদের অসতর্কতা,
কম্পিউটার নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ
নিয়ন্ত্রণব্যবস্থার দুর্বলতাও বড় ধরনের সাইবার
হামলার সুযোগ তৈরি করতে পারে।
চুরি
হওয়া সম্পদের ৯৫ শতাংশ প্রতিস্থাপনের
দাবি
হামলার
পরপরই বাইন্যান্স সাময়িকভাবে অর্থ উত্তোলন বন্ধ
করে দেয়। পাশাপাশি টেথার,
সার্কেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় চুরি হওয়া সম্পদ
শনাক্ত ও জব্দের উদ্যোগ
নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে
প্রায় ৩০০ কোটি ডলারের
সম্পদ শনাক্ত বা জব্দের কথা
জানানো হয়।
অন্যদিকে
গ্রাহকদের সম্পদের ঘাটতি পূরণে নিজস্ব অর্থ, ব্যবহারকারীদের সুরক্ষা তহবিল (SAFU) এবং অন্যান্য রিজার্ভ
ব্যবহারের ঘোষণা দেয় বাইন্যান্স।
৩১
অক্টোবর প্রতিষ্ঠানটি জানায়, ক্ষতিগ্রস্ত সম্পদের ৯০ শতাংশ প্রতিস্থাপন
করা হয়েছে। পরে ৩ নভেম্বর
রয়টার্সকে বাইন্যান্সের সহপ্রধান নির্বাহী রিচার্ড টেং জানান, ক্ষতিগ্রস্ত
টোকেনের প্রায় ৯৫ শতাংশ পূরণ
করা হয়েছে। কম লেনদেন হওয়া
টোকেনগুলোর বাকি অংশ সংগ্রহের
কাজ চলছিল।
তবে
চুরি হওয়া সম্পদ জব্দ
করা এবং প্রতিষ্ঠানের নিজস্ব
অর্থ দিয়ে গ্রাহকদের হিসাব
পূরণ করা দুটি আলাদা
বিষয়। এই পার্থক্যও ঘটনাটির
আর্থিক প্রভাব বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
ক্রিপ্টো
দুনিয়ায় বড় চুরির ঘটনা
নতুন নয়
ক্রিপ্টোকারেন্সি
খাতে বড় ধরনের সাইবার
চুরির ঘটনা এর আগেও
ঘটেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে
ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইবিট থেকে প্রায় ১৫০
কোটি ডলারের ইথেরিয়াম চুরি হয়। ওই
হামলার জন্যও এফবিআই উত্তর কোরিয়ার ট্রেডারট্রেইটার গোষ্ঠীকে দায়ী করেছিল।
২০২২
সালের মার্চে জনপ্রিয় গেম অ্যাক্সি ইনফিনিটির
সঙ্গে যুক্ত রনিন নেটওয়ার্ক থেকে
প্রায় ৬২ কোটি ৪০
লাখ ডলারের সম্পদ চুরি হয়। একই
বছরের অক্টোবরে বিএনবি ব্রিজে প্রায় ৫৮ কোটি ৬০
লাখ ডলারের জাল লেনদেনের ঘটনা
ঘটে।
২০২১
সালে পলি নেটওয়ার্ক থেকে
প্রায় ৬১ কোটি ডলারের
সম্পদ চুরি হলেও পরে
হ্যাকার অধিকাংশ অর্থ ফেরত দেয়।
এর আগে ২০১৪ সালে
মাউন্ট গক্স বিপর্যয়ে প্রায়
৮ লাখ ৫০ হাজার
বিটকয়েন হারিয়ে যায়। শেষ পর্যন্ত
দেউলিয়া হয়ে পড়ে এক্সচেঞ্জটি।
এসব
ঘটনায় কখনো ব্যক্তিগত নিরাপত্তা
চাবি, কখনো স্মার্ট কন্ট্রাক্ট,
আবার কখনো লেনদেন অনুমোদনব্যবস্থার
দুর্বলতাকে কাজে লাগানো হয়েছে।
ব্লকচেইন
প্রযুক্তি কতটা নিরাপদ?
ক্রিপ্টোকারেন্সির
নিরাপত্তার অন্যতম ভিত্তি হলো ক্রিপ্টোগ্রাফি ও
ব্লকচেইন প্রযুক্তি। প্রতিটি লেনদেন ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে অনুমোদিত হয় এবং নেটওয়ার্কে
তার রেকর্ড সংরক্ষিত থাকে। তবে কোনো এক্সচেঞ্জের
ওয়ালেট, ব্যক্তিগত কী কিংবা লেনদেন
অনুমোদনব্যবস্থা আক্রান্ত হলে ব্লকচেইনের প্রযুক্তিগত
নিরাপত্তাও সম্পদ রক্ষার নিশ্চয়তা দিতে পারে না।
অনলাইনে
সংযুক্ত হট ওয়ালেট দ্রুত
লেনদেনের সুবিধা দিলেও এতে সাইবার হামলার
ঝুঁকি বেশি। অন্যদিকে অফলাইনে সংরক্ষিত কোল্ড ওয়ালেট তুলনামূলক নিরাপদ। তবে সেখানেও প্রবেশাধিকার
ও ব্যবস্থাপনা সুরক্ষিত রাখা জরুরি।
ব্লকচেইনে
লেনদেনের তথ্য অনুসরণ করা
সম্ভব হলেও চুরি হওয়া
সম্পদ উদ্ধার করা সহজ নয়।
বিশেষ করে বিভিন্ন নেটওয়ার্কে
সম্পদ স্থানান্তর, টোকেন পরিবর্তন কিংবা গোপনীয়তা বাড়ানোর সেবা ব্যবহার করে
পাচারের চেষ্টা হলে শনাক্তকরণ আরও
জটিল হয়ে পড়ে।
আস্থার
সংকটে ক্রিপ্টো বাজার
বাইন্যান্সে
হামলার খবর ছড়িয়ে পড়ার
পর বিটকয়েন, ইথেরিয়ামসহ বিভিন্ন ক্রিপ্টো সম্পদের দামে পতন দেখা
যায়। এতে বোঝা যায়,
বড় কোনো এক্সচেঞ্জের নিরাপত্তা
সংকট পুরো ক্রিপ্টো বাজারে
প্রভাব ফেলতে পারে।
বাইন্যান্সের
৩৩ কোটির বেশি নিবন্ধিত ব্যবহারকারী
এবং বিপুল পরিমাণ ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনার বিষয়টি এ ঝুঁকির ব্যাপ্তি
আরও স্পষ্ট করেছে।
এ
ঘটনার পর নিরাপত্তা বিশেষজ্ঞদের
আলোচনায় গুরুত্ব পাচ্ছে কর্মীদের কম্পিউটার সুরক্ষা, বহুধাপের অনুমোদনব্যবস্থা, ওয়ালেটের স্বাধীন নিরীক্ষা, লেনদেন পর্যবেক্ষণ এবং সন্দেহজনক কার্যক্রম
শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।
সব
মিলিয়ে বাইন্যান্সের ঘটনা আবারও দেখিয়েছে,
উন্নত প্রযুক্তি ও বিপুল আর্থিক
সক্ষমতা থাকলেও কোনো প্রতিষ্ঠান সাইবার
হামলার ঝুঁকির বাইরে নয়। ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ শুধু
বিনিয়োগের সম্ভাবনা কিংবা দ্রুত লেনদেনের ওপর নির্ভর করবে
না; এর সঙ্গে জড়িয়ে
আছে নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্ন।
ডিজিটাল সম্পদের জগতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—সম্পদ কোথায় রাখা হচ্ছে, তার চেয়েও বড় বিষয় হলো, সেই সম্পদের নিয়ন্ত্রণ কার হাতে এবং তা সুরক্ষিত রাখার ব্যবস্থা কতটা নির্ভরযোগ্য।