রাজধানীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা নয় মাস বয়সী শিশু ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ। বর্তমানে শিশুটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর একটি শিশু মুমূর্ষু অবস্থায় পড়ে থাকার খবর পায় উত্তরা পশ্চিম থানা-পুলিশ। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে।পরে শিশুটির বাবা আকাশ ও মা ফুলবানুকে সঙ্গে নিয়ে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন ফাতেমার জন্য প্রয়োজনীয় ওষুধপত্রের পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানিয়েছে, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এবং শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণে সার্বিক সহযোগিতা ও তদারকি অব্যাহত রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।