ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নির্মাণাধীন বাড়িতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির পর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসীর স্বজনেরা।বুধবার দুপুরে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সিঙ্গাপুরপ্রবাসী সফিকুল ইসলামের স্ত্রী লুৎফা বেগম (৪০)।সংবাদ সম্মেলনে লুৎফা বেগম বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। তাঁদের দুই ছেলে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। স্বামী ও ছেলেদের কষ্টার্জিত অর্থ দিয়ে গ্রামের বাড়িতে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেন তাঁরা। এ সময় প্রতিবেশী ও স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকুর রহমান বুলবুলের নেতৃত্বে একটি দল বাড়ি নির্মাণের জন্য পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।লুৎফার অভিযোগ, দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে সিদ্দিকুর রহমান বুলবুল, শাহজাহান সরকার ও বাবুল সরকারের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় নগদ টাকা ও সোনার অলংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। পাশাপাশি বাড়ির আসবাব ভাঙচুর করে আরও প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করা হয়।আদালতে অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবারলুৎফা বেগম জানান, ঘটনার পর তাঁরা প্রতিকার চেয়ে দক্ষিণ গফরগাঁও থানার পুলিশের কাছে যান। তবে সেখান থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করে পরে তিনি বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। আদালত অভিযোগটি তদন্তের দায়িত্ব দিয়েছেন ময়মনসিংহের গোয়েন্দা পুলিশকে (ডিবি)।তবে আদালতে অভিযোগ করার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন লুৎফা। তাঁর অভিযোগ, মামলা প্রত্যাহারের জন্য স্থানীয় বিএনপি নেতা বুলবুল ও তাঁর অনুসারীরা বিভিন্নভাবে চাপ দিচ্ছেন। এমনকি তাঁর ছোট ছেলে তুহীনকে মারধর করা হয়েছে। অভিযোগ প্রত্যাহার না করলে প্রবাসীর ছেলেদের হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।সংবাদ সম্মেলনে লুৎফা বেগম অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং লুট হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।তদন্তের আশ্বাস পুলিশেরএ বিষয়ে ময়মনসিংহ ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার সাহা বলেন, আদালতের আদেশ তাঁরা পেয়েছেন। ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে বিস্তারিত জানা যাবে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শুরু করা হবে।দক্ষিণ গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি ময়মনসিংহ ডিবি পুলিশ তদন্ত করছে। বাদী পরিবারের নিরাপত্তার বিষয়টি দক্ষিণ গফরগাঁও থানা পুলিশ তদারকি করবে।