দেশের অন্যতম প্রধান পিঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় হঠাৎ কমে গেছে পিঁয়াজের দাম। বছরের যে সময়ে সাধারণত পিঁয়াজের বাজার চড়া থাকে, এবার সেই সংকটকালেই দেখা দিয়েছে বড় ধরনের দরপতন। পুরোনো পিঁয়াজের অতিরিক্ত মজুত ও নতুন মুড়িকাটা পিঁয়াজ বাজারে আসার সময় ঘনিয়ে আসায় বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।
কৃষকদের
দেওয়া তথ্য অনুযায়ী, গত
কয়েক বছর সেপ্টেম্বর থেকে
নভেম্বর মাসে প্রতি মণ
পিঁয়াজ ৫ থেকে ৬
হাজার টাকায় বিক্রি হয়েছে। অথচ এবার সেই
পিঁয়াজের দাম নেমে এসেছে
৯০০ থেকে ১ হাজার
২০০ টাকায়। এতে ভালো দাম
পাওয়ার আশায় দীর্ঘদিন ধরে
পিঁয়াজ সংরক্ষণ করে রাখা কৃষকেরা
এখন লোকসানের আশঙ্কায় রয়েছেন।
সম্প্রতি
জেলার অন্যতম পিঁয়াজের হাট সুজানগর, সাঁথিয়ার
বনগ্রাম ও সদর উপজেলার
হাজিরহাট ঘুরে কৃষকদের সঙ্গে
কথা বলে এমন চিত্র
পাওয়া গেছে।
সাঁথিয়ার
বনগ্রাম বাজারে পাঁচ মণ পিঁয়াজ
নিয়ে এসেছিলেন কৃষক আলমগীর হোসেন।
তিনি জানান, প্রতি মণ মাত্র ১
হাজার ১০০ টাকা দরে
পিঁয়াজ বিক্রি করতে হয়েছে। অথচ
এই পিঁয়াজ সংরক্ষণ করতেই তাঁর প্রায় ৮
হাজার টাকা খরচ হয়েছে।
বর্তমান বাজারদরে কৃষকদের কিছুই করার থাকছে না।
সুজানগরের
মধুপুর গ্রামের কৃষক শফিকুল ইসলাম
বলেন, বাজারে প্রতি মণ পিঁয়াজ ৯০০
থেকে ১ হাজার ২০০
টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এ দামে উৎপাদন
ও সংরক্ষণের খরচ তো দূরের
কথা, কৃষকের শ্রমের মূল্যও উঠছে না।
ঋণ
করে
মজুত,
এখন
লোকসানের ভয়
কৃষকদের
ভাষ্য, সংকটকালে বেশি দাম পাওয়ার
আশায় অনেকে চড়া সুদে ঋণ
নিয়ে পিঁয়াজ সংরক্ষণ করেছিলেন। উৎপাদন খরচের পাশাপাশি ছয় মাস ধরে
সংরক্ষণের ব্যয় বহন করতে
হয়েছে তাঁদের। দীর্ঘদিন রাখার কারণে পিঁয়াজ শুকিয়ে ওজনও কমেছে। সব
মিলিয়ে প্রতি মণে খরচ বেড়েছে
অনেক। কিন্তু বর্তমান বাজারদরে সেই খরচের এক-তৃতীয়াংশও উঠছে না।
কৃষক
আবুল মোল্লা বলেন, আর ২০ থেকে
২৫ দিনের মধ্যে নতুন মুড়িকাটা পিঁয়াজ
বাজারে আসবে। অথচ এখনো পুরোনো
পিঁয়াজের মজুত শেষ হয়নি।
তাঁর ধারণা, বর্তমানে যে পরিমাণ পুরোনো
পিঁয়াজ মজুত রয়েছে, তা
দিয়ে আরও দুই মাসের
চাহিদা মেটানো সম্ভব।
তিনি
আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুন
পিঁয়াজ বাজারে আসার পর পুরোনো
পিঁয়াজের দাম আরও কমে
প্রতি মণ ৬০০ থেকে
৭০০ টাকায় নেমে আসতে পারে।
এমন পরিস্থিতি তৈরি হলে কৃষকেরা
তাঁদের বিনিয়োগ করা পুঁজিও হারাবেন।
উৎপাদন বেশি,
চাহিদার অতিরিক্ত ৪ লাখ টন
কৃষি
বিভাগের তথ্য অনুযায়ী, চলতি
মৌসুমে পাবনায় ৫৪ হাজার হেক্টর
জমিতে প্রায় ১০ লাখ মেট্রিক
টন পিঁয়াজ উৎপাদিত হয়েছে। এর মধ্যে জেলার
নিজস্ব চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন হয়েছে প্রায় ৪ লাখ টন।
সেপ্টেম্বর
ও অক্টোবর মাসে কৃষকদের বাড়ি
এবং কৃষি বিপণন অধিদপ্তরের
৩০০টি সংরক্ষণাগার মিলিয়ে প্রায় ১ লাখ টন
পিঁয়াজ মজুত ছিল।
কৃষি
কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বাজারে
সরবরাহের চাপ তৈরি হয়েছে।
এর প্রভাব পড়েছে পিঁয়াজের দামে।
রপ্তানির নতুন
বাজার
খোঁজার পরামর্শ
ভবিষ্যতে
এ ধরনের পরিস্থিতি এড়াতে পিঁয়াজ রপ্তানির ওপর গুরুত্ব দেওয়ার
কথা বলছেন কৃষি কর্মকর্তারা। তাঁদের
মতে, উৎপাদন ও অভ্যন্তরীণ চাহিদার
মধ্যে ভারসাম্য না থাকলে প্রতিবছরই
কৃষকদের এমন লোকসানের মুখে
পড়তে হতে পারে।
কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে দ্রুত বিদেশে পিঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক।