সিঙ্গাপুর ও চীনের মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) নতুন তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ জন্য প্রতিষ্ঠানটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। কারখানাটিতে ২ হাজার ২৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এ লক্ষ্যে বুধবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ভূমি ইজারা চুক্তি
করেছে প্রতিষ্ঠানটি। বেপজার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।
বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং
জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার
নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ
মোয়াজ্জেম হোসেনসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেপজার বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪
সালে বন্ধ হয়ে যাওয়া
চট্টগ্রাম ইপিজেডের সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের
জায়গায় নতুন কারখানাটি স্থাপন
করা হবে। প্রতিষ্ঠানটি বন্ধ
হওয়ার পর বেপজা প্রচলিত
নিয়ম অনুসরণ করে এর যন্ত্রপাতি
ও অবকাঠামো নিলামে তোলে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড এসব সম্পদ কিনে
নেয়।
নতুন প্রতিষ্ঠানটি তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে কারখানা চালু
করবে। এ জন্য প্রয়োজনীয়
সংস্কারকাজ শেষে উৎপাদন কার্যক্রম
শুরুর লক্ষ্যে নতুন করে ৬০
লাখ ডলার বিনিয়োগ করা
হবে।
বছরে উৎপাদন হবে ২৫ লাখ পোশাক
বেপজা জানিয়েছে, কারখানাটিতে বছরে ২৫ লাখ
পিস উচ্চমানের তৈরি পোশাক উৎপাদনের
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর
মধ্যে থাকবে হান্টিং স্যুট, টেকনিক্যাল ও ওয়াটারপ্রুফ পারফরম্যান্স
আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট, প্যাডেড
জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম
ও ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, পাফার
পারকা এবং ফার আউটারওয়্যার।
উৎপাদিত পোশাক ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ
বিশ্বের বিভিন্ন প্রধান বাজারে রপ্তানি করা হবে।
২০২৭ সালের মার্চে উৎপাদন শুরুর লক্ষ্য
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও বলেন, বিদ্যমান শিল্প অবকাঠামো ব্যবহার করে তাঁরা কারখানাটির
কার্যক্রম শুরু করতে যাচ্ছেন।
তবে উৎপাদনের উপযোগী করতে কিছু সংস্কারকাজ
করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের মার্চের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ শেষ করে কারখানাটিতে উৎপাদন শুরু করা সম্ভব হবে।