দেশের অন্যতম বৃহৎ তৈরি পোশাকের পাইকারি বাজার কেরানীগঞ্জের গার্মেন্টপল্লিতে ব্যবসায় মন্দা ক্রমেই প্রকট হচ্ছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়া, পাইকারি ক্রেতা ও অর্ডার কমে যাওয়া এবং অবিক্রীত পণ্যে পুঁজি আটকে থাকায় সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে না পেরে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। ঋণের চাপ ও আর্থিক সংকটে কোনো কোনো কারখানার মালিক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ না করেই রাতের আঁধারে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন।
ব্যবসায়ীদের
এই সংকটের প্রভাব পড়েছে শ্রমিকদের জীবনেও। উৎপাদন কমে যাওয়ায় কাজ
হারাচ্ছেন অনেকে। কেউ নিয়মিত কাজ
পাচ্ছেন না, আবার কেউ
কম মজুরিতে কাজ করতে রাজি
হলেও কর্মসংস্থান মিলছে না। এতে একসময়
কর্মচাঞ্চল্যে মুখর গার্মেন্টপল্লিতে এখন
ব্যবসায়ী ও শ্রমিক—উভয়
পক্ষের মধ্যে বাড়ছে হতাশা।
সম্প্রতি
কেরানীগঞ্জের বিভিন্ন কারখানা ও মার্কেট ঘুরে
ব্যবসায়ী, কারিগর ও শ্রমিকদের সঙ্গে
কথা বলে এমন চিত্র
পাওয়া গেছে।
কেরানীগঞ্জের
আগানগর, কালীগঞ্জ, শুভাঢ্যা ও আশপাশের প্রায়
দেড় কিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠেছে এই
পোশাকশিল্পের বিশাল বাজার। এখানে ছোট-বড় অসংখ্য
কারখানা, দোকান ও শোরুম রয়েছে।
এসব প্রতিষ্ঠানে জিনসের প্যান্ট, শার্ট, টি-শার্ট, গেঞ্জি,
পাঞ্জাবি, বোরকাসহ নারী, পুরুষ ও শিশুদের বিভিন্ন
ধরনের পোশাক তৈরি হয়। দেশের
বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে
এসব পোশাক কিনে নিয়ে যান।
স্থানীয়
ব্যবসায়ীদের হিসাবে, এই শিল্পের সঙ্গে
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক
মানুষের জীবিকা জড়িত। কারখানা ও শ্রমিকের সুনির্দিষ্ট
পরিসংখ্যান না থাকলেও ব্যবসায়ী
সমিতির নেতাদের দাবি, এখানে ছোট-বড় মিলিয়ে
১৫ হাজারের বেশি কারখানা ও
প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায়
১০ থেকে ১৫ লাখ
মানুষের কর্মসংস্থান হয়েছে।
বাড়ছে উৎপাদন খরচ, কমছে বিক্রি
কেরানীগঞ্জের
কালীগঞ্জ বাজারের নূর সুপার মার্কেটের
ব্যবসায়ী মাসুদ রানা বলেন, গার্মেন্ট
ব্যবসার আগের সেই অবস্থা
আর নেই। মৌসুম শুরু
হলেও তৈরি পোশাকের ক্রেতা
পাওয়া যাচ্ছে না। বেচাকেনা কমে
যাওয়ায় কারখানার মালিক থেকে শুরু করে
শ্রমিক সবাই সংকটে পড়েছেন।
গত বছরের তুলনায় এবার পরিস্থিতি আরও
খারাপ। অনেক কারখানা বন্ধ
হয়ে গেছে। যারা এখনো ব্যবসা
চালিয়ে যাচ্ছেন, তাঁদের বড় অংশ ঋণগ্রস্ত।
আশিক
টাওয়ারের কারখানার মালিক ফিরোজ মিয়া বলেন, ২০
বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় এমন খারাপ পরিস্থিতির
মুখোমুখি আগে কখনো হননি।
বিদ্যুৎ ও গ্যাসের দাম
বাড়ার পাশাপাশি থান কাপড়, সুতা
ও শ্রমিকের মজুরিও বেড়েছে। কিন্তু তৈরি পোশাকের দাম
সেই অনুপাতে বাড়ানো যাচ্ছে না। বরং অনেক
ক্ষেত্রে দাম কমাতে হচ্ছে।
ফলে কারখানা চালানো যেমন কঠিন হয়ে
পড়েছে, তেমনি ব্যবসা ছেড়ে দেওয়াও সহজ
হচ্ছে না।
নূর
সুপার মার্কেটের ব্যবসায়ী আব্দুল হালিম বলেন, গত বছরের অনেক
অবিক্রীত পোশাক এখনো ব্যবসায়ীদের কাছে
রয়ে গেছে। নতুন শীত মৌসুম
শুরু হলেও বিক্রি নেই
বললেই চলে। ফলে অধিকাংশ
ব্যবসায়ী ঋণের চাপে নতুন
করে উৎপাদনে যেতে পারছেন না।
কাজের অপেক্ষায় নারী শ্রমিকেরা
ব্যবসায়
মন্দার সরাসরি প্রভাব পড়েছে শ্রমিকদের আয়ে। অর্ডার কমে
যাওয়ায় কারখানায় কাটিং, সেলাই, আয়রন, ফিনিশিং ও প্যাকেজিংয়ের কাজ
কমেছে। দৈনিক কিংবা পিস হিসেবে মজুরি
পাওয়া শ্রমিকদের আয়ও কমে গেছে।
বিশেষ করে নারী শ্রমিকদের
একটি বড় অংশ কর্মসংস্থানের
অনিশ্চয়তায় পড়েছেন।
তানাকা-ইনসাফ মার্কেটের এক পাশে গত
মঙ্গলবার সকালে ৩০ থেকে ৪০
জন নারীকে কাজের অপেক্ষায় বসে থাকতে দেখা
যায়। প্রতিদিন তাঁরা এখানে আসেন। কোনো কারখানা বা
ব্যবসায়ী প্রয়োজন অনুযায়ী তাঁদের কাজ দেন। দিন
শেষে কাজের বিনিময়ে পাওয়া অর্থ দিয়েই চলে
তাঁদের সংসার।
আয়েশা
নামের এক নারী শ্রমিক
বলেন, আগের মতো কাজ
পাওয়া যায় না। অনেক
সময় সারাদিন অপেক্ষা করেও কাজ মেলে
না। ভাগ্যক্রমে কাজ পেলেও মজুরি
আগের তুলনায় কম দেওয়া হচ্ছে।
কারখানার
শ্রমিক হেলেনা খাতুন বলেন, মৌসুম শুরু হলেও কারখানায়
কাজের চাপ নেই। অনেক
শ্রমিক কাজ না পেয়ে
বেকার হয়ে পড়েছেন। আগের
মতো কাজের ব্যস্ততা ফিরে আসার কোনো
লক্ষণও দেখা যাচ্ছে না।
বেতন না দিয়ে পালাচ্ছেন কারখানার মালিকেরা
কেরানীগঞ্জ
গার্মেন্ট ব্যবসায়ী ও দোকান মালিক
সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, কালীগঞ্জ বাজারের প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে
এই গার্মেন্ট ব্যবসা বিস্তৃত। এখানে প্রায় ১৫ হাজার দোকান
ও ১০ থেকে ১৫
লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। কিন্তু বর্তমানে এই ব্যবসায় চরম
দুর্দিন চলছে।
তিনি
বলেন, অনেক কারখানার মালিক
শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ
না করেই রাতের আঁধারে
পালিয়ে যাচ্ছেন। এসব ঘটনা নিয়ে
প্রতিদিনই সমিতিকে বিচার-আচার করতে হচ্ছে।
ঋণের বোঝা সহ্য করতে
না পেরে দু-একজন
ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনাও ঘটেছে।
আনোয়ার
হোসেন আরও বলেন, পোশাকপল্লিতে
ছোট-বড় তিন শতাধিক
মার্কেট রয়েছে। এসব মার্কেটে প্রায়
১০ হাজার শোরুম ও পাঁচ হাজারের
মতো কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে ১০
থেকে ১৫ লাখ নারী-পুরুষ কাজ করে জীবিকা
নির্বাহ করেন।
কাঁচামাল ও ঋণের খরচে চাপে উদ্যোক্তারা
ব্যবসায়ীদের
সঙ্গে কথা বলে জানা
গেছে, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার
পেছনে একাধিক কারণ রয়েছে। কাপড়,
সুতা, বোতাম, জিপার, রং ও অন্যান্য
কাঁচামালের দাম বেড়েছে। পাশাপাশি
বিদ্যুৎ, পরিবহন, দোকানভাড়া, শ্রমিকের মজুরি এবং ব্যাংকঋণের সুদও
বেড়েছে। কিন্তু এসব বাড়তি ব্যয়
পোশাকের দামের সঙ্গে সমন্বয় করা সম্ভব হচ্ছে
না।
অন্যদিকে
পাইকারি ক্রেতাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, বাজারে
বিক্রির অনিশ্চয়তা এবং অনলাইন ও
আমদানিনির্ভর পোশাকের সঙ্গে প্রতিযোগিতা স্থানীয় উদ্যোক্তাদের আরও চাপে ফেলেছে।
কেরানীগঞ্জের
অনেক ব্যবসায়ী ঈদ ও শীত
মৌসুমকে সামনে রেখে আগাম পোশাক
তৈরি করেন। কিন্তু নির্ধারিত সময়ে প্রত্যাশিত অর্ডার
না পাওয়া কিংবা বিক্রি কম হলে অবিক্রীত
পণ্যে আটকে যায় তাঁদের
পুঁজি। এতে শ্রমিকের বেতন,
দোকানভাড়া ও ব্যাংকঋণের কিস্তি
পরিশোধ করাও কঠিন হয়ে
পড়ে।
ব্যবসায়ীরা
জানান, গত বছর ঈদ
ও শীতের মৌসুমে প্রত্যাশিত বিক্রি না হওয়ায় তাঁদের
ব্যবসায় মন্দা দেখা দেয়। কাঁচামালের
মূল্যবৃদ্ধিতে সেই সংকট আরও
গভীর হয়। চলতি বছর
পরিস্থিতির উন্নতি না হয়ে বরং
অবনতিই হয়েছে।
জাতীয় পর্যায়েও চাপে পোশাকশিল্প
শুধু
কেরানীগঞ্জ নয়, জাতীয় পর্যায়েও
তৈরি পোশাকশিল্প নানা সংকটের মধ্য
দিয়ে যাচ্ছে। সম্প্রতি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের কারণে ঢাকা, গাজীপুর ও সাভার-আশুলিয়াসহ
বিভিন্ন শিল্পাঞ্চলে ৫২৯টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়।
এ
পরিস্থিতিতে কেরানীগঞ্জের ব্যবসায়ী নেতারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের
জন্য সহজ শর্তে স্বল্প
সুদের ঋণ দেওয়ার দাবি
জানিয়েছেন। তাঁদের মতে, চলতি মূলধনের
সংকট কাটাতে ঋণসহায়তা পাওয়া গেলে অনেক ব্যবসায়ী
আবার উৎপাদনে ফিরতে পারবেন।
এ
ছাড়া কাপড় ও অন্যান্য
কাঁচামালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অযৌক্তিক
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির ওপর জোর দিয়েছেন
তাঁরা।
ব্যবসায়ীদের
মতে, দীর্ঘমেয়াদে এই শিল্পকে টিকিয়ে
রাখতে পোশাকের মান ও নকশার
উন্নয়ন জরুরি। এ জন্য উদ্যোক্তাদের
প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও আধুনিক যন্ত্রপাতি
ব্যবহারের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে
দেশীয় বাজারের পাশাপাশি অনলাইন বিক্রির পরিসর সম্প্রসারণ করতে হবে।
শুধু
ঈদ বা শীত মৌসুমের
ওপর নির্ভর না করে বছরজুড়ে
বিক্রির উপযোগী পোশাক উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করার পরামর্শও দিয়েছেন
তাঁরা।
ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে কেরানীগঞ্জের এই বিশাল পোশাকশিল্প আরও সংকুচিত হবে। এর প্রভাব পড়বে লাখো শ্রমিকের জীবিকা ও স্থানীয় অর্থনীতিতে।