আন্তর্জাতিক অস্ত্রবাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে প্রধান যুদ্ধট্যাংক ভিটি-৪ সিরিজে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন এনেছে চীন। নতুন সংস্করণটির সম্ভাব্য নাম ভিটি-৪বি। এতে যুক্ত করা হয়েছে উন্নত বর্ম, সক্রিয় সুরক্ষাব্যবস্থা, আধুনিক সেন্সর এবং ড্রোন মোকাবিলায় বিশেষ অস্ত্র। সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার বেড়ে যাওয়ায় নতুন সংস্করণে এ ধরনের প্রযুক্তি যুক্ত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, চীনের
দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ঝুহাই বিমানবন্দরে নতুন ট্যাংকটি পৌঁছেছে।
আগামী ৭ থেকে ১৩
ডিসেম্বর সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দেশটির
প্রধান প্রতিরক্ষা ও বিমান প্রদর্শনী
‘এয়ারশো চায়না’। দ্বিবার্ষিক এ
আয়োজনের আনুষ্ঠানিক নাম ১৬তম চায়না
ইন্টারন্যাশনাল এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন। ধারণা করা হচ্ছে, অন্যান্য
সামরিক সরঞ্জামের সঙ্গে ভিটি-৪বিও প্রদর্শন
করা হতে পারে।
নতুন
সংস্করণটি আগের ভিটি-৪এ
মডেলের তুলনায় বেশ কিছু প্রযুক্তিগত
সুবিধা পেয়েছে। চীনের পরবর্তী প্রজন্মের সাঁজোয়া যান, বিশেষ করে
চতুর্থ প্রজন্মের টাইপ-১০০ ট্যাংক
পরিবার এবং উন্নত টাইপ-৯৯বি ট্যাংকে ব্যবহৃত
প্রযুক্তির কিছু বৈশিষ্ট্য এতে
যুক্ত করা হয়েছে। তবে
নকশা ও কাঠামোগত দিক
থেকে এটি এখনো তৃতীয়
প্রজন্মের প্রধান যুদ্ধট্যাংকের বৈশিষ্ট্য ধরে রেখেছে।
বর্ম ও অস্ত্রব্যবস্থায় বড় পরিবর্তন
ভিটি-৪বির সবচেয়ে উল্লেখযোগ্য
পরিবর্তনগুলোর একটি এর সুরক্ষাবর্ম।
শুক্রবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে
ছড়িয়ে পড়া ছবিতে ট্যাংকটির
সামনের অংশ ও দুই
পাশে আগের তুলনায় মোটা
বিস্ফোরক প্রতিক্রিয়াশীল বর্ম বা ইআরএ
দেখা গেছে। এই বর্ম সামনের
নিচের অংশ থেকে শুরু
করে চলাচলের চাকার কিছু অংশ পর্যন্ত
বিস্তৃত।
অস্ত্রব্যবস্থাতেও
এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগের ১২ দশমিক
৭ মিলিমিটার মেশিনগানের পরিবর্তে ট্যাংকের ছাদে বসানো হয়েছে
দূরনিয়ন্ত্রিত ৩০ মিলিমিটার কামান।
যুদ্ধক্ষেত্রে লয়টারিং মিউনিশন ও এফপিভি ড্রোনের
ব্যবহার বাড়তে থাকায় এ সংযোজনকে বিশেষভাবে
গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
নতুন
কামানটি ড্রোন মোকাবিলার পাশাপাশি শত্রুপক্ষের পদাতিক সেনা এবং ট্যাংকবিধ্বংসী
অস্ত্রধারী দলের বিরুদ্ধেও বাড়তি
অগ্নিশক্তি সরবরাহ করতে পারবে।
ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্রিয় সুরক্ষাব্যবস্থা
নতুন
ট্যাংকটিতে পূর্ণাঙ্গ সক্রিয় সুরক্ষাব্যবস্থা বা অ্যাকটিভ প্রোটেকশন
সিস্টেম যুক্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এতে
চীনের জিএল-৬ প্রযুক্তি
ব্যবহার করা হয়েছে। দেশটির
সাম্প্রতিক উন্নত প্রধান যুদ্ধট্যাংকগুলোতেও একই ধরনের প্রযুক্তি
দেখা গেছে।
ছবিতে
ট্যাংকের টারেটের চারপাশে চারটি ফেজড-অ্যারে রাডার
প্যানেল দেখা যায়। এগুলো
চারদিক থেকে আসা সম্ভাব্য
হুমকি শনাক্ত করতে পারে। পাশাপাশি
টারেটের পেছনে রয়েছে দুটি ইন্টারসেপ্টর লঞ্চার।
এগুলোর মাধ্যমে ট্যাংকের দিকে ধেয়ে আসা
ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন হুমকি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই
প্রতিহত করার চেষ্টা করা
হবে।
লক্ষ্য শনাক্তে আধুনিক সেন্সর ও যোগাযোগব্যবস্থা
ট্যাংকটির
পর্যবেক্ষণ ও লক্ষ্য শনাক্ত
করার সক্ষমতাও বাড়ানো হয়েছে। কমান্ডারের প্রচলিত দর্শনযন্ত্রের পরিবর্তে স্থাপন করা হয়েছে বড়
আকারের ইলেকট্রো-অপটিক্যাল ও ইনফ্রারেড (ইও/আইআর) সেন্সর। চীনের উন্নত ট্যাংকগুলোতে ব্যবহৃত এ ধরনের প্রযুক্তিতে
স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত এবং ছবি বিশ্লেষণের
সুবিধা রয়েছে।
যোগাযোগব্যবস্থাতেও
পরিবর্তন আনা হয়েছে। আগের
অ্যান্টেনার পরিবর্তে বসানো হয়েছে মোটা ও দণ্ডাকৃতির
অ্যান্টেনা। এগুলো উচ্চগতিতে তথ্য আদান-প্রদানে
সহায়তা করতে পারে। এর
ফলে অন্যান্য সামরিক যান ও ইউনিটের
সঙ্গে ট্যাংকটির যোগাযোগ এবং যুদ্ধক্ষেত্রে সমন্বয়
বাড়ার সম্ভাবনা রয়েছে।
ড্রোন প্রতিরোধে মাইক্রোওয়েভ প্রযুক্তির ইঙ্গিত
নতুন
সংস্করণের দূরনিয়ন্ত্রিত অস্ত্রব্যবস্থার এক পাশে ছোট
একটি রেডিও-ফ্রিকোয়েন্সি অ্যারে দেখা গেছে। তবে
এর সুনির্দিষ্ট ব্যবহার সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া
যায়নি।
সামরিক
বিশ্লেষকদের একাংশের ধারণা, এটি আলাদা অগ্নিনিয়ন্ত্রণ
রাডার হতে পারে। আবার
উচ্চক্ষমতার ক্ষুদ্র মাইক্রোওয়েভ বিকিরণযন্ত্র হওয়ার সম্ভাবনাও রয়েছে। এমন প্রযুক্তি ব্যবহার
করা হলে ট্যাংকের দিকে
ধেয়ে আসা ড্রোনের ইলেকট্রনিক
ব্যবস্থা অকার্যকর করা সম্ভব হতে
পারে। সে ক্ষেত্রে প্রচলিত
ইন্টারসেপ্টর ব্যবস্থার পাশাপাশি ড্রোন প্রতিরোধে আরও একটি প্রযুক্তিগত
সক্ষমতা যুক্ত হবে।
চীনের
নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভিটি-৪
সিরিজ দেশটির অন্যতম সফল রপ্তানিমুখী প্রধান
যুদ্ধট্যাংক পরিবার। পাকিস্তান, থাইল্যান্ড ও নাইজেরিয়ার সেনাবাহিনী
এ সিরিজের ট্যাংক ব্যবহার করছে।
নতুন
সংস্করণটির উন্নয়ন ও আন্তর্জাতিক প্রদর্শনীতে
অংশগ্রহণকে বৈশ্বিক অস্ত্রবাজারে চীনের সাঁজোয়া যান রপ্তানির প্রচেষ্টার
অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে
ভিটি-৪বির প্রকৃত প্রযুক্তিগত
সক্ষমতা ও কার্যকারিতা সম্পর্কে
বিস্তারিত জানতে আনুষ্ঠানিক ঘোষণা এবং আসন্ন প্রদর্শনীর
তথ্যের অপেক্ষা করতে হবে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট