খাঁচার বদলে প্রাকৃতিক পরিবেশে প্রাণী, বদলে যাচ্ছে মিরপুর চিড়িয়াখানা
রাজধানীর
মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার পরিচিত দৃশ্যপট বদলে দেওয়ার উদ্যোগ
নেওয়া হয়েছে। খাঁচায় বন্দী প্রাণীদের বদলে তাদের জন্য
তৈরি করা হবে অপেক্ষাকৃত
উন্মুক্ত ও প্রাকৃতিক পরিবেশ।
একই সঙ্গে দর্শনার্থীদের জন্য যুক্ত হবে
আধুনিক বিনোদন ও পর্যটন সুবিধা।
প্রাণীদের আবাসস্থল, নিরাপত্তা এবং সামগ্রিক ব্যবস্থাপনায়
পরিবর্তন আনতে ঢাকা ও
রংপুর চিড়িয়াখানার জন্য নেওয়া হয়েছে
দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা।এ
পরিকল্পনায় প্রাণীদের প্রজাতি ও আবাসস্থল অনুযায়ী
আলাদা জোন, হাঁটার পথ,
শিশুদের জন্য বিনোদন এলাকা,
আধুনিক ট্রাম, কাচের সুরক্ষাবেষ্টনীসহ বিভিন্ন সুবিধা রাখার কথা রয়েছে। দুই
চিড়িয়াখানার আধুনিকায়নে প্রথম পর্যায়ে ৩৩৩ কোটি টাকার
একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। পাঁচ
বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।প্রকল্পসংশ্লিষ্ট
সূত্রে জানা গেছে, ঢাকা
ও রংপুর চিড়িয়াখানার সামগ্রিক উন্নয়নে প্রথমে ১ হাজার ২৬৭
কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। পরে
সরকারের অর্থসংস্থানের সীমাবদ্ধতার কারণে প্রস্তাবিত ব্যয় কমিয়ে ১
হাজার ২৩৩ কোটি টাকা
নির্ধারণ করা হয়। পুরো
পরিকল্পনা কয়েকটি ধাপে বাস্তবায়ন করা
হবে। প্রথম ধাপের জন্য ৩৩৩ কোটি
টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। বাকি কাজ পরবর্তী
পর্যায়ে সম্পন্ন করার পরিকল্পনা করা
হয়েছে।সম্প্রতি
প্রকল্পটি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার জন্য অপেক্ষমাণ
রয়েছে। কমিটির মূল্যায়ন এবং পরবর্তী প্রশাসনিক
প্রক্রিয়া শেষ হলে বাস্তবায়নের
বিষয়ে অগ্রগতি হবে। তবে এখনো
প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। পুরো ব্যয় সরকারি
অর্থায়নে নির্বাহের পরিকল্পনা রয়েছে।প্রাণিসম্পদ
অধিদপ্তরের পরিকল্পনা শাখার পরিচালক ড. বজলুর রহমান
বলেন, প্রাথমিক পর্যায়ে চিড়িয়াখানার একটি খালি জায়গার
উন্নয়ন করা হবে। এতে
বিদ্যমান কার্যক্রম ও প্রাণীদের আবাসস্থলে
কোনো ধরনের বিঘ্ন ঘটবে না।তিনি
জানান, মাস্টারপ্ল্যান অনুযায়ী ঢাকা ও রংপুর
চিড়িয়াখানার অবকাঠামোগত উন্নয়ন, প্রাণীদের জন্য প্রাকৃতিক পরিবেশ
তৈরি, আধুনিক বেষ্টনী নির্মাণ এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে থাকা ১০২ প্রজাতির
দেশি প্রাণীকে আরও উন্নত ও
আধুনিক পরিবেশে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।বাঘের জন্য তৈরি হবে বনের মতো পরিবেশমহাপরিকল্পনায়
বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাঘসহ বড় প্রাণীদের আবাসস্থলের
উন্নয়নে। বর্তমানে ছোট খাঁচায় থাকা
বাঘকে ভবিষ্যতে বনের মতো বিস্তৃত
পরিবেশে রাখার পরিকল্পনা রয়েছে। এ জন্য বাঘের
বেষ্টনীর চারপাশে প্রায় আট মিটার গভীর
খাল খনন করা হবে,
যাতে বাঘ লাফিয়ে সেটি
পার হতে না পারে।
পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তায় থাকবে বিশেষ কাচের সুরক্ষাব্যবস্থা।প্রকল্প
পরিচালক বজলুর রহমান বলেন, প্রাণীদের কল্যাণ নিশ্চিত করাই এ উদ্যোগের
অন্যতম লক্ষ্য। বাঘের মতো বড় প্রাণীকে
ছোট পরিসরে আটকে না রেখে
তাদের স্বাভাবিক আবাসস্থলের অনুকূল পরিবেশ তৈরির পরিকল্পনা করা হয়েছে।পাঁচ জোনে ভাগ হবে জাতীয় চিড়িয়াখানামাস্টারপ্ল্যান
অনুযায়ী, ঢাকা জাতীয় চিড়িয়াখানাকে
পাঁচটি জোনে ভাগ করার
পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আফ্রিকান,
সাভানা, নকটার্নাল ও বাংলাদেশ হ্যাবিটেট
উল্লেখযোগ্য। প্রথম পর্যায়ে চিড়িয়াখানার উত্তর পাশের খালি জায়গায় ‘বাংলাদেশ
হ্যাবিটেট’ গড়ে তোলার কাজ
শুরু করার পরিকল্পনা রয়েছে।
এতে দেশি প্রাণী ও
প্রজাতিগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।শিশুদের
বিনোদনের জন্য থাকবে আলাদা
অ্যাক্টিভ জোন। দর্শনার্থীদের প্রবেশ
ও চলাচল সহজ করতে দুটি
গেট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। একটি
থাকবে বর্তমান মূল প্রবেশপথে, অন্যটি
হবে ইস্টার্ন হাউজিংয়ের পেছনের দিকে। পুরো চত্বরে তৈরি
করা হবে সার্ভিস রুট
ও হাঁটার পথ। পাশাপাশি দর্শনার্থীরা
বিশেষ ট্রামে চড়ে চিড়িয়াখানার বিভিন্ন
অংশ ঘুরে দেখতে পারবেন।পরিবেশবান্ধব
ব্যবস্থাপনার অংশ হিসেবে রাখা
হয়েছে আধুনিক বর্জ্য অপসারণব্যবস্থা, মাস্টার ড্রেনেজ ও সৌরবিদ্যুতের সুবিধা।
দর্শনার্থীদের জন্য নতুন পাবলিক
টয়লেটও নির্মাণ করা হবে।ঢাকা
জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. শাহিনুর আলম
বলেন, পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী না থাকায় চিড়িয়াখানায়
বহিরাগত অপরাধী ও হকারদের দৌরাত্ম্য
বেড়েছে। আশপাশের মানুষের ফেলে দেওয়া ময়লা-আবর্জনাও বড় সমস্যা হয়ে
দাঁড়িয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে চিড়িয়াখানার নিরাপত্তায়
২৫ ফুট উঁচু সীমানাপ্রাচীর
নির্মাণ করা হবে। এর
পাশ দিয়ে তৈরি করা
হবে নতুন হাঁটার রাস্তা।তিনি
আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী প্রাণীদের আবাসস্থলকে বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্য অনুসারে সাজানো হবে। প্রথম পর্যায়ে
বাংলাদেশ হ্যাবিটেটের কাজ শুরু করার
পরিকল্পনা রয়েছে। এর ফলে প্রচলিত
খাঁচাবন্দী ব্যবস্থার পরিবর্তে প্রাণীদের জন্য আরও উন্মুক্ত
ও প্রজাতিবান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব
হবে।পুরোপুরি মুক্ত নয়, আধুনিক চিড়িয়াখানার ধারণাপ্রাণীদের
খাঁচার পরিবর্তে প্রাকৃতিক পরিবেশে রাখার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে এ ব্যবস্থাকে
প্রাণীদের সম্পূর্ণ মুক্ত জীবন হিসেবে বিবেচনা
করার সুযোগ নেই বলে মনে
করেন তাঁরা।বন্যপ্রাণী
পর্যবেক্ষণ, সুন্দরবনের বাঘ ও জীববৈচিত্র্য
সংরক্ষণ বিশেষজ্ঞ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম মনিরুল
হাসান খান বলেন, উদ্যোগটি
সামগ্রিকভাবে ইতিবাচক। তবে এটি বন্দী
জীবন থেকে সম্পূর্ণ মুক্ত
জীবন নয়; বরং আধুনিক
চিড়িয়াখানার একটি ধারণা। বাইরে
থেকে পরিবেশ উন্মুক্ত মনে হলেও প্রাণীরা
বাস্তবে নির্দিষ্ট সীমানার মধ্যেই থাকবে।তিনি
বলেন, এ ধরনের ব্যবস্থায়
প্রাণীদের চারপাশে গিরিখাদ বা কাচের দেয়াল
রাখা হয়। এতে মানুষ
ও প্রাণীর সরাসরি সংস্পর্শের সুযোগ থাকে না। একই
সঙ্গে দর্শনার্থীদের দৃষ্টিতে প্রচলিত লোহার খাঁচার মতো দৃশ্যও পড়ে
না।তবে
এ ধরনের বড় উন্নয়ন প্রকল্পে
আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর
দিয়েছেন এই বিশেষজ্ঞ। তাঁর
মতে, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও আর্থিক সীমাবদ্ধতা
বিবেচনায় বরাদ্দ করা প্রতিটি টাকার
যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। সব
নিয়ম মেনে দুর্নীতিমুক্তভাবে অর্থ ব্যয়
করতে হবে, যাতে বরাদ্দের
অর্থ চিড়িয়াখানার প্রকৃত উন্নয়নেই কাজে লাগে।সংশ্লিষ্ট
ব্যক্তিরা আশা করছেন, পাঁচ
বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকা ও
রংপুর চিড়িয়াখানার প্রাণীদের আবাসস্থল, নিরাপত্তা ও পরিচর্যার মান
উন্নত হবে। পাশাপাশি দর্শনার্থীদের
জন্য তৈরি হবে আরও
আধুনিক ও পরিবেশবান্ধব বিনোদনকেন্দ্র।