ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
সাংবাদিক হাবিবুর রহমান বাপ্পির চোখে জটিল অস্ত্রোপচার, চলছে দীর্ঘ চিকিৎসা

সাংবাদিক হাবিবুর রহমান বাপ্পির চোখে জটিল অস্ত্রোপচার, চলছে দীর্ঘ চিকিৎসা

চোখের জটিল রোগ রেটিনা ডিটাচমেন্টে (Retinal Detachment) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাপ্পি। সম্প্রতি তাঁর ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়া রেটিনা পুনরায় যথাস্থানে স্থাপন করার জন্য অস্ত্রোপচারের মাধ্যমে চোখের ভেতরে সিলিকন অয়েল দেওয়া হয়েছে। অস্ত্রোপচারের পর বর্তমানে ডান চোখে একেবারেই দেখতে পাচ্ছেন না তিনি।চিকিৎসক ডা. রূপক রায়ের তত্ত্বাবধানে চলছে তাঁর চিকিৎসা। অস্ত্রোপচারের পর রেটিনা যথাযথভাবে জোড়া লাগানোর জন্য কঠোর নিয়ম মেনে চলতে হচ্ছে তাঁকে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ১২ ঘণ্টা মাথা নিচু করে উপুড় হয়ে থাকতে হচ্ছে। নির্ধারিত অবস্থান বজায় রাখতে ব্যর্থ হলে অস্ত্রোপচারের ফলাফল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।এ ছাড়া চোখে সংক্রমণের ঝুঁকি এড়াতে মোবাইল ফোন ব্যবহার, পুরোনো চশমা পরা এবং বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপাশি প্রতি ঘণ্টায় পাঁচ ধরনের চোখের ড্রপ ব্যবহার করতে হচ্ছে তাঁকে। এর সঙ্গে চলছে নিয়মিত ওষুধ সেবন।চিকিৎসার পরবর্তী ধাপ হিসেবে ছয় সপ্তাহ পর আবারও অস্ত্রোপচারের প্রয়োজন হবে। এ সময় কলকাতার শঙ্কর নেত্রালয়ে চোখের ভেতরে দেওয়া সিলিকন অয়েল অপসারণ করা হবে। আগামী ৩০ ডিসেম্বর চিকিৎসকের পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত থাকলেও এর আগেই ভারতে যাওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে হাবিবুর রহমান বাপ্পিকে।রেটিনা ডিটাচমেন্টের চিকিৎসা দীর্ঘমেয়াদি ও জটিল। অস্ত্রোপচারের পর নির্দিষ্ট শারীরিক অবস্থান বজায় রাখা, নিয়মিত ওষুধ ব্যবহার এবং সংক্রমণ প্রতিরোধে সতর্কতা অবলম্বন এ চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ। ফলে স্বাভাবিক জীবনযাপন ও কর্মক্ষেত্র থেকে আপাতত দূরে থাকতে হচ্ছে তাঁকে।চিকিৎসার কারণে নিয়মিত অফিসে সময় দিতে না পারায় সহকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সাংবাদিক হাবিবুর রহমান বাপ্পি। একই সঙ্গে তাঁর অনুপস্থিতির বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন।দীর্ঘ চিকিৎসা ও শারীরিক কষ্টের মধ্যেও সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা করছেন তিনি। এ জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের কাছে দোয়া চেয়েছেন। তাঁর প্রত্যাশা, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আবারও স্বাভাবিক দৃষ্টিশক্তি ও কর্মজীবনে ফিরতে পারবেন।