ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, সচেতনতায় আসছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, সচেতনতায় আসছে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

ডায়াবেটিসের ঝুঁকি শনাক্ত, চিকিৎসাসংক্রান্ত তথ্য ও স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ মিলবে অ্যাপে। আক্রান্ত ব্যক্তিরাও পাবেন প্রয়োজনীয় সহায়তা।বাংলাদেশে ডায়াবেটিসের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। তবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশই জানেন না যে তাঁদের ডায়াবেটিস রয়েছে। অন্যদিকে, আক্রান্তদের ৯২ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। এমন পরিস্থিতিতে রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় তথ্য ও চিকিৎসাসহায়তা পৌঁছে দিতে চালু হতে যাচ্ছে ‘ডায়াবেটিস মেলা’ নামের একটি মোবাইল অ্যাপ।শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আয়োজকেরা।সংবাদ সম্মেলনে ডায়াবেটিস মেলার প্রধান সমন্বয়ক ডা. মো. ফজলে রাব্বী খান বলেন, নতুন এই অ্যাপের মাধ্যমে যে কেউ নিজের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিংবা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন কি না, সে সম্পর্কে ধারণা পেতে পারবেন। যাঁদের আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে, তাঁরা অ্যাপটির মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে পরামর্শ পাবেন।তিনি আরও বলেন, যাঁরা ইতিমধ্যে ডায়াবেটিসে আক্রান্ত, তাঁরাও চিকিৎসাসংক্রান্ত সম্ভাব্য সব ধরনের সহায়তা পাবেন। এর মাধ্যমে রোগী ও ঝুঁকিতে থাকা ব্যক্তিরা নিজেদের স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হতে পারবেন। পুরো উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে বেক্সিমকো ফার্মা ও কংগ্রেসিয়া।৯২ শতাংশ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেইসংবাদ সম্মেলনে ডায়াবেটিস মেলার উপদেষ্টা সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. শাহাজাদা সেলিম বলেন, ডায়াবেটিস একবার হলে সাধারণত পুরোপুরি নিরাময় করা যায় না। তবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, সময়মতো পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।তিনি জানান, বর্তমানে দেশের ৯২ শতাংশ ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে নেই। এর ফলে হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া এবং রক্তনালিতে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। পাশাপাশি চোখ ও স্নায়ুর ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে।ডা. শাহাজাদা সেলিম বলেন, ডায়াবেটিসের জটিলতায় রোগীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় এবং চিকিৎসার ব্যয় বেড়ে যায়। এতে পরিবার ও সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার ওপরও বাড়তি চাপ তৈরি হয়। তাই ডায়াবেটিস হওয়ার আগেই সচেতনতা তৈরি, দ্রুত রোগ শনাক্ত এবং আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।ডায়াবেটিস আমার, দায়িত্বও আমারডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ২০১৯ সাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ডায়াবেটিস মেলা। ছোট-বড় বিভিন্ন পরিসরে আয়োজন করা হচ্ছে এ মেলা।ডা. শাহাজাদা সেলিম বলেন, ডায়াবেটিস নিয়ে অযথা ভয় বা আতঙ্কিত না হয়ে মানুষকে সঠিক তথ্য জানতে হবে। ডায়াবেটিস মেলায় এসে সাধারণ মানুষ অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সরাসরি পরামর্শ ও তথ্য জানতে পারেন। নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি রোগটি কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, সে বিষয়েও ধারণা পান তাঁরা।এবারের উদ্যোগের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ডায়াবেটিস আমার, দায়িত্বও আমার।অ্যাপের লোগো উন্মোচন, মতামত দেওয়া যাবে জানুয়ারি পর্যন্তসংবাদ সম্মেলনে ডা. শাহাজাদা সেলিম ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপের লোগো উন্মোচন করেন। তিনি জানান, যাঁদের জন্য এই অ্যাপ তৈরি করা হচ্ছে, তাঁদের মতামত ও পরামর্শের ভিত্তিতেই অ্যাপটিকে আরও কার্যকর করে তোলা হবে।এ জন্য সাধারণ মানুষ নির্দিষ্ট মতামত ফরম পূরণ করে, ফেসবুক পেজের মাধ্যমে অথবা প্রতিষ্ঠানের সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে পরামর্শ দিতে পারবেন। মতামত দেওয়ার শেষ সময় আগামী ৩১ জানুয়ারি ২০২৭।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বেক্সিমকো ফার্মার ডেপুটি জেনারেল ম্যানেজার আহসানুল কবির এবং বারডেমের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল পারভেজ।