ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’, চলবে তিন মাস
ডেঙ্গু প্রতিরোধ
ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা
দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)
৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন
অভিযান চালানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী কর্মসূচির
অংশ হিসেবে শনিবার এ অভিযান পরিচালনা
করা হয়।ডিএসসিসির আঞ্চলিক
নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নগরীর
আবাসিক এলাকা, সড়ক, অলিগলি, ড্রেন,
নালা, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা,
ছাদ ও পরিত্যক্ত স্থাপনায়
বিশেষভাবে তদারকি করা হয়।কর্মসূচির আওতায়
কোথাও জমে থাকা পানি
পাওয়া গেলে তা অপসারণ
করা হয়। পাশাপাশি এডিস
মশার লার্ভা শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ধ্বংস
করা হয়। পানি জমতে
পারে এমন ডাব ও
নারকেলের খোসা, প্লাস্টিকের পাত্র, পুরোনো টায়ার, ফুলের টবসহ বিভিন্ন পরিত্যক্ত
সামগ্রীও পরিষ্কার করা হয়।অভিযানের সময়
নির্ধারিত এলাকায় লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম
পরিচালনার পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মীরা সড়ক, ফুটপাত ও
আশপাশের এলাকা থেকে ময়লা-আবর্জনা
অপসারণ করেন।ডেঙ্গু প্রতিরোধে
নাগরিকদের সম্পৃক্ত করতে ৭৫টি ওয়ার্ডেই
সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। এতে সিটি
করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী, পরিচ্ছন্নতাকর্মী
ও স্থানীয় নাগরিকেরা অংশ নেন। র্যালি
থেকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ
পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়।ডিএসসিসির স্বাস্থ্য
বিভাগের পক্ষ থেকে বলা
হয়েছে, শুধু ওষুধ ছিটিয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
এডিস মশার প্রজননস্থল ধ্বংসের
পাশাপাশি নগরবাসীকে সচেতন ও সম্পৃক্ত করা
জরুরি। এ কারণে নিয়মিত
কার্যক্রমের পাশাপাশি আগামী তিন মাস প্রতি
শনিবার ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে বিশেষ
অভিযান ও মাঠপর্যায়ের তদারকি
অব্যাহত থাকবে।ডেঙ্গুর ঝুঁকি
কমাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএসসিসি। একই সঙ্গে বাসাবাড়ি,
কর্মস্থল ও আশপাশের পরিবেশ
পরিষ্কার রাখা এবং কোথাও
পানি জমতে না দেওয়ার
আহ্বান জানিয়েছে সংস্থাটি।