বারবার চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে হয়, বাংলাদেশিদের মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ
চিকিৎসার
প্রয়োজনে বারবার থাইল্যান্ডে যেতে হয় এমন
বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি
ভিসা চালুর অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর এ অনুরোধের
পর সংশ্লিষ্ট রোগীদের এ ধরনের ভিসা
দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি।রোববার
(২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত।
এ সময় দুই দেশের
দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বহুপক্ষীয় পর্যায়ে
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।বৈঠকে
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে
বিদ্যমান সুসম্পর্কের কথা উল্লেখ করেন
হুমায়ুন কবির। দুই দেশের অংশীদারত্ব
আরও জোরদার করতে ২০২৭ সালে
উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর
গুরুত্ব দেন তিনি।বাংলাদেশের
পক্ষ থেকে দেওয়া এ
প্রস্তাবকে স্বাগত জানান থাইল্যান্ডের রাষ্ট্রদূত। তিনি বাণিজ্য ও
বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং দুই দেশের
জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে থাইল্যান্ডের আগ্রহের কথা জানান।চিকিৎসার
জন্য ভিসা আবেদনকারীসহ বাংলাদেশি
নাগরিকদের প্রতি থাইল্যান্ডের উদার সহযোগিতার প্রশংসা
করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে যেসব
রোগীর চিকিৎসার জন্য একাধিকবার থাইল্যান্ডে
যাতায়াত করতে হয়, তাঁদের
মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ
জানান।জবাবে
থাইল্যান্ডের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন, যেসব রোগীর এ
ধরনের ভিসা প্রয়োজন, তাঁদের
মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়া হবে।বৈঠকে
আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের মর্যাদা পেতে বাংলাদেশের আবেদনের
প্রতি সমর্থন অব্যাহত রাখায় থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির। পাশাপাশি আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) চুক্তিতে বাংলাদেশের যোগদানের আকাঙ্ক্ষার প্রতিও থাইল্যান্ডের সমর্থন কামনা করেন তিনি।এ
ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশে
আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে
থাইল্যান্ডের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।এসব
বিষয়ে বাংলাদেশের পাশে থাকার এবং
সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত।