ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
নতুন বেতন স্কেলে বাহিনীপ্রধানদের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকদের ২১ হাজার ৪০০ টাকা

নতুন বেতন স্কেলে বাহিনীপ্রধানদের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকদের ২১ হাজার ৪০০ টাকা

নতুন বেতন স্কেল পুরোপুরি কার্যকর হলে সশস্ত্র বাহিনীর তিন বাহিনীপ্রধানের মূল বেতন দাঁড়াবে ১ লাখ ৭২ হাজার টাকা। এ বেতন সরকারের মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সমান। আগের বেতন কাঠামোতেও তিন বাহিনীর প্রধানদের বেতন এই দুই শীর্ষ কর্মকর্তার সমপর্যায়ে ছিল।নতুন কাঠামোয় সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা। নতুন ব্যবস্থায় একজন সৈনিকের মূল বেতন বার্ষিক ধাপে বেড়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত হতে পারবে। তবে বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারিত থাকবে।গত ১৫ নভেম্বর জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)’ জারি করা হয়। ওই গেজেট অনুযায়ী, সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নতুন করে নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০১৬ সালে জারি করা জেএসআই ০১/২০১৬ অনুসারে তাঁদের বেতন-ভাতা নির্ধারিত হতো।সর্বনিম্ন বেতন বেড়েছে ১৩৭ শতাংশনতুন নির্দেশনা অনুযায়ী, সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা হয়েছে। বৃদ্ধির হার ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে বাহিনীপ্রধানদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ১ লাখ ৭২ হাজার টাকা হয়েছে। অর্থাৎ তাঁদের বেতন বেড়েছে ১০০ শতাংশ।নতুন কাঠামোয় বিভিন্ন পদে মূল বেতনও বাড়ানো হয়েছে। ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার টাকা এবং ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা।এ ছাড়া সিনিয়র ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা করা হয়েছে। মাস্টার ওয়ারেন্ট অফিসারের আগের মূল বেতন ছিল ২২ হাজার ৫০০ টাকা। ফলে এ পদে বেতন বেড়েছে ১০২ দশমিক ২২ শতাংশ।অনারারি লেফটেন্যান্টের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা।বেতনবৈষম্য নিয়ে বিতর্কনতুন বেতন কাঠামো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে বিভিন্ন আলোচনা ও সমালোচনা চলছে। সেখানে বাহিনীপ্রধানদের সঙ্গে সাধারণ সৈনিকদের বেতনের ব্যবধান তুলে ধরে ‘অফিসার বনাম সৈনিক’ বৈষম্যের অভিযোগ করা হচ্ছে।তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, নতুন কাঠামোয় আগের বেতন স্কেলের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। তাঁদের মতে, সর্বনিম্ন পর্যায়ের সদস্যদের বেতন বৃদ্ধির হার বাহিনীপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুলনায় বেশি। এ ছাড়া নতুন বেতন-ভাতা বাস্তবায়নের প্রথম ধাপেও সৈনিক ও সার্জেন্টদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।নতুন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন-ভাতার ৪০ শতাংশ প্রথম ধাপে কার্যকর হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে তা ৫০ শতাংশ করা হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের জনপ্রশাসনসহ বিভিন্ন খাতেই সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তাদের বেতনে বড় ব্যবধান রয়েছে। সেই কাঠামোগত বাস্তবতার মধ্যেই বিভিন্ন সময়ে বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়িত হয়েছে।ভাতা ও পেনশনেও পরিবর্তনসশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন ভাতা বৃদ্ধির হার নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, কয়েকটি ক্ষেত্রে ভাতা বৃদ্ধির হার তুলনামূলক কম হলেও অধিকাংশ ক্ষেত্রে সন্তোষজনক হারে ভাতা বাড়ানো হয়েছে। পাশাপাশি নতুন করে চারটি ভাতা যুক্ত করা হয়েছে।জেএসআই অনুযায়ী, অবসরপ্রাপ্ত সদস্যদের ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বয়সভেদে চিকিৎসাভাতা বাড়িয়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করা হয়েছে।তবে ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কয়েকটি বিষয়ে অসন্তোষ রয়েছে। বিশেষ করে কর্মকর্তাদের জন্য ১০ দিয়ে এবং অন্য সদস্যদের জন্য ৩২ দিয়ে ভাজনের বিষয়টি আলোচনায় এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় বেতন কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি অভিন্ন ভাজনের সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি এখনো পর্যালোচনাধীন রয়েছে।হরাইজন্টাল ও ভার্টিকাল বেতন কাঠামো নিয়ে প্রশ্নসশস্ত্র বাহিনীর নিম্ন বেতন স্কেলের সদস্যদের দীর্ঘদিনের একটি দাবি হলো হরাইজন্টাল ও ভার্টিকাল বেতন কাঠামোর পার্থক্য দূর করা। এ নিয়ে সৈনিক ও জুনিয়র কমিশন্ড অফিসারদের (জেসিও) মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানা গেছে।অভিযোগকারীদের ভাষ্য, বেসামরিক প্রশাসনে ২০টি গ্রেডের কাঠামো রয়েছে। কোনো কর্মচারী পদোন্নতি, সিলেকশন গ্রেড কিংবা উচ্চতর গ্রেড পেলে সরাসরি ওপরের গ্রেডের পূর্ণ ভার্টিকাল বেতন কাঠামোয় প্রবেশ করেন। বিশেষ করে নবম গ্রেডে উন্নীত হলে মূল বেতন, বাড়িভাড়া, পেনশন ও প্রাতিষ্ঠানিক মর্যাদায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে।অন্যদিকে সামরিক বাহিনীতে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির সুযোগ অনেকাংশে শূন্যপদ ও যোগ্যতার ওপর নির্ভরশীল। ফলে পদোন্নতি না হলে একই পদে থেকেই ১৯ থেকে ২০টি হরাইজন্টাল ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির ধাপের ওপর নির্ভর করতে হয়। এতে জ্যেষ্ঠ সৈনিক ও জেসিওরা আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন বলে তাঁদের অভিযোগ।ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা গেজেটেড মর্যাদা এবং মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের বেতন কাঠামো বেসামরিক প্রশাসনের নবম গ্রেডের ভার্টিকাল স্কেলের সঙ্গে সমন্বয় করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।পদোন্নতি না হলেও বেতন বৃদ্ধির সুযোগএ বিষয়ে এক সেনা কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনীর ক্যারিয়ার ও কমান্ড কাঠামো বেসামরিক প্রশাসনের মতো নয়। বাহিনীর শৃঙ্খলা ও কমান্ড কাঠামো বজায় রাখতে শূন্যপদ এবং যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়।তিনি বলেন, পদোন্নতি না পেলেও যাতে কোনো সৈনিক বা জেসিওর বেতন স্থবির না হয়ে পড়ে, সে জন্য ১৯ থেকে ২০টি বার্ষিক ইনক্রিমেন্টের ধাপ রাখা হয়েছে। এর ফলে একজন সৈনিক একই পদে থেকে ২১ হাজার ৪০০ টাকা থেকে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন। অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেন পদে উন্নীত হলে মূল বেতন যথাক্রমে ৭৬ হাজার ৯৬০ ও ৮৫ হাজার ৭৫০ টাকা পর্যন্ত হতে পারে।সব পর্যায়ে ভার্টিকাল পে স্কেলের সুপারিশদীর্ঘদিনের বেতন কাঠামোগত অসামঞ্জস্য দূর করতে সশস্ত্র বাহিনী বেতন কমিটির পক্ষ থেকে সব পর্যায়ে ভার্টিকাল পে স্কেল চালুর সুপারিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।এ ছাড়া বিদ্যমান অসংগতি ও বিভিন্ন পর্যায়ের দাবিদাওয়া পর্যালোচনা করে সমাধানের জন্য সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।