ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতিগত সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপের সুযোগ আরও সীমিত করতে নতুন উদ্যোগ নিয়েছে হোয়াইট হাউস। এবার ফেডারেল সরকারি সংস্থার জারি করা কোনো বিধি বা নিয়ম বেআইনি প্রমাণিত হলে তা দেশজুড়ে বাতিল করার ক্ষমতা বিচারকদের কাছ থেকে সীমিত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রশাসন।ট্রাম্প প্রশাসনের যুক্তি, কোনো সরকারি সংস্থার বিধি বেআইনি ঘোষণা করা হলেও আদালতের উচিত হবে না সেটি সবার জন্য বাতিল করে দেওয়া। বরং যাঁরা মামলা করেছেন, কেবল তাঁদের ক্ষেত্রেই ওই বিধি কার্যকর না রাখার নির্দেশ দিতে পারবেন বিচারকেরা।বিশ্লেষকদের আশঙ্কা, সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষে রায় দিলে কোনো বিধি বেআইনি প্রমাণিত হওয়ার পরও সরকার মামলার বাদী নন এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর সেটি প্রয়োগ অব্যাহত রাখতে পারবে। আইনি প্রক্রিয়া দীর্ঘ হলে বছরের পর বছর এমন পরিস্থিতি চলতে পারে।বিচারকদের ক্ষমতা কমানোর দ্বিতীয় উদ্যোগবিচারকদের ক্ষমতা সীমিত করার প্রশ্নে ট্রাম্প প্রশাসনের এটি দ্বিতীয় বড় উদ্যোগ। এর আগে ২০২৫ সালের জুনে সুপ্রিম কোর্টের কাছে দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করার আবেদন করেছিল প্রশাসন। ওই সময় আদালত ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেন।‘ইউনিভার্সাল ইনজাংশন’ নামে পরিচিত এ ধরনের নিষেধাজ্ঞার মাধ্যমে কোনো সরকারি নীতির বিরুদ্ধে মামলা করা ব্যক্তিদের বাইরেও পুরো দেশের মানুষের ক্ষেত্রে সেই নীতি কার্যকর করা বন্ধ রাখা যায়। ট্রাম্পের অভিবাসননীতি এবং জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার উদ্যোগসহ বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে নিম্ন আদালত এমন নিষেধাজ্ঞা দিয়েছিলেন।তবে ২০২৫ সালের রায়ে বিচারকদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা বহাল রেখেছিলেন সুপ্রিম কোর্ট। ১৯৪৬ সালের প্রশাসনিক কার্যপ্রণালি আইন (অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট—এপিএ) অনুযায়ী, ফেডারেল সরকারি সংস্থার কোনো বিধি বেআইনি মনে হলে সেটি বাতিল বা অকার্যকর ঘোষণা করতে পারেন বিচারকেরা।এবার সেই ক্ষমতাও সীমিত করতে চাইছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে বিচার বিভাগের করা আপিল এখন সুপ্রিম কোর্টে রয়েছে। আগামী বছরের শুরুর দিকে আদালত মামলাটি শুনবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।চিকিৎসাসেবার বিল নিয়ে মামলার সূত্রপাতটেক্সাসের কয়েকটি চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পক্ষের করা মামলাকে কেন্দ্র করে নতুন এই আইনি বিরোধের সূচনা। ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত একটি আইনের আওতায় চিকিৎসাসেবার ক্ষেত্রে রোগীদের অপ্রত্যাশিত অতিরিক্ত বিল কমাতে ফেডারেল সরকার কয়েকটি বিধি জারি করেছিল।তবে টেক্সাসের চিকিৎসক সংগঠন, এয়ার অ্যাম্বুলেন্স সেবাদাতা প্রতিষ্ঠানসহ কয়েকটি পক্ষ এসব বিধির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। তাদের অভিযোগ, বিধিগুলো প্রশাসনিক কার্যপ্রণালি আইনের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি এসব নিয়মের কারণে স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে চিকিৎসাসেবা প্রদানকারীদের পাওনা অর্থ কৃত্রিমভাবে কমে যাচ্ছে।মামলাটি শুনে নিউ অরলিন্সভিত্তিক পঞ্চম সার্কিট আপিল আদালত গত আগস্টে সংশ্লিষ্ট বিধির কয়েকটি অংশ দেশজুড়ে বাতিল করেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, ওই বিধিগুলো প্রশাসনিক কার্যপ্রণালি আইন লঙ্ঘন করেছে।তবে ট্রাম্প প্রশাসন আপিলে বিধিগুলোর বৈধতা নিয়ে আদালতের সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ করেনি। তাদের আপত্তি মূলত আদালতের দেশব্যাপী বিধি বাতিল করার এখতিয়ার নিয়ে।প্রশাসনের বক্তব্য, প্রশাসনিক কার্যপ্রণালি আইন বিচারকদের এত বিস্তৃত ক্ষমতা দেয়নি। কোনো বিধির বিরুদ্ধে মামলা হলে বিচারকেরা শুধু মামলার বাদীদের ক্ষেত্রে সেটির প্রয়োগ বন্ধ রাখার নির্দেশ দিতে পারেন।মার্কিন বিচার বিভাগ সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে বলেছে, নিম্ন আদালতগুলোকে প্রশাসনিক কার্যপ্রণালি আইনের আওতায় তাদের যথাযথ এখতিয়ারের মধ্যে ফিরিয়ে আনা প্রয়োজন।রায় সরকারের পক্ষে গেলে কী হবেআইন বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিলে নির্বাহী বিভাগের ক্ষমতা আরও বাড়বে। কোনো সরকারি বিধি আদালতে বেআইনি প্রমাণিত হলেও মামলার বাইরে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর সেটি কার্যকর রাখার সুযোগ তৈরি হবে।ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আইন বিশেষজ্ঞ আদিত্য বামজাই মনে করেন, এ সিদ্ধান্তের ফলে নির্বাহী বিভাগ আরও বেশি স্বাধীনতা পেতে পারে। তবে এই ক্ষমতা বাড়ানো ভালো না খারাপ, তা অনেকটাই নির্ভর করবে সংশ্লিষ্ট প্রশাসনের নীতির প্রতি মানুষের সমর্থন বা বিরোধিতার ওপর।ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক রোনাল্ড লেভিনের মতে, কোনো সরকারি সংস্থার বিধি বেআইনি প্রমাণিত হলে অনেক ক্ষেত্রে সেটি পুরোপুরি বাতিল করাই যুক্তিসংগত। উদাহরণ হিসেবে তিনি খাদ্যনিরাপত্তা কিংবা গাড়ি উৎপাদনের নিরাপত্তাসংক্রান্ত বিধির কথা উল্লেখ করেন।তাঁর মতে, এ ধরনের কোনো নিয়ম বেআইনি প্রমাণিত হলে সেটি শুধু মামলার কয়েকটি পক্ষের জন্য বাতিল রেখে অন্যদের ক্ষেত্রে বহাল রাখা বাস্তবসম্মত নয়। সব মামলায় দেশজুড়ে বিধি বাতিলের প্রয়োজন না থাকলেও কিছু ক্ষেত্রে এই ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ট্রাম্পের নীতির বিরুদ্ধে শত শত মামলা২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে শত শত মামলা হয়েছে।অভিবাসন নিয়ন্ত্রণ, ব্যাপক বহিষ্কার কার্যক্রম, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ বন্ধ এবং ট্রান্সজেন্ডারদের অধিকার সীমিত করার মতো বিভিন্ন পদক্ষেপ নিয়ে এসব মামলা হয়েছে।এ ছাড়া মানবিক কারণে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পাওয়া লাখ লাখ অভিবাসীর আইনি মর্যাদা বাতিলের উদ্যোগ, সংখ্যালঘু ও এলজিবিটিকিউ জনগোষ্ঠী-সম্পর্কিত গবেষণায় বড় ধরনের অনুদান কমানো এবং নাগরিকত্ব যাচাইয়ের জন্য ব্যাপক ভোটার তথ্য পরীক্ষা নিয়েও প্রশাসনের বিরুদ্ধে মামলা হয়েছে।ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা বিভিন্ন সময় প্রশাসনের নীতিতে বাধা দেওয়া বিচারকদের সমালোচনা করেছেন। কোনো কোনো বিচারককে উগ্রপন্থী ও দুর্নীতিগ্রস্ত বলেও আক্রমণ করেছেন তাঁরা। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা এবং বিচার বিভাগের হস্তক্ষেপের সীমা নিয়ে বিরোধ আরও জোরালো হচ্ছে।রিপাবলিকান অঙ্গরাজ্যগুলোরও উদ্বেগট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে কয়েকটি রিপাবলিকান-শাসিত অঙ্গরাজ্যও। টেক্সাস ও ফ্লোরিডাসহ এসব অঙ্গরাজ্য পঞ্চম সার্কিট আপিল আদালতকে জানিয়েছিল, প্রশাসনিক কার্যপ্রণালি আইনের কার্যকারিতা দুর্বল করা উচিত হবে না।তাদের মতে, ফেডারেল সরকারের নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ ঠেকানো এবং অঙ্গরাজ্যগুলোর সার্বভৌমত্ব রক্ষায় আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থার বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি প্রতিকার পাওয়ার ক্ষেত্রেও এটি অঙ্গরাজ্যগুলোর গুরুত্বপূর্ণ হাতিয়ার।এর আগে ২০২৩ সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও বিচারকদের দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছিল। টেক্সাস ও লুইজিয়ানার রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলদের করা একটি অভিবাসননীতি-সংক্রান্ত মামলায় বিষয়টি সামনে আসে। তবে সে সময় সুপ্রিম কোর্ট মামলাটি শুনতে রাজি হয়নি এবং ভিন্ন যুক্তিতে বাইডেন প্রশাসনের পক্ষে সিদ্ধান্ত দিয়েছিলেন।এবারের মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নির্বাহী বিভাগের ক্ষমতা এবং সরকারি নীতির বিরুদ্ধে বিচার বিভাগের হস্তক্ষেপের পরিধি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।