ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের সঙ্গে কাজ করতে চায় প্ল্যান ইন্টারন্যাশনাল

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের সঙ্গে কাজ করতে চায় প্ল্যান ইন্টারন্যাশনাল

প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো, শিশুদের মৌলিক ও সৃজনশীল দক্ষতার বিকাশ এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ বিদ্যালয় পরিবেশ নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নেও সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান প্ল্যান ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রীনা ঘেলানি।সাক্ষাৎকালে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্ব ও বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন রীনা ঘেলানি। তিনি বলেন, শিশুদের প্রারম্ভিক বিকাশ, মানসম্মত শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধ প্ল্যান ইন্টারন্যাশনালের অন্যতম অগ্রাধিকার।বাংলাদেশে দীর্ঘদিনের কার্যক্রম ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে চায় সংস্থাটি। বিশেষ করে শিক্ষা ও উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ের শিশু এবং জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়ার বিষয়ে আগ্রহী তারা।প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য শুধু শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসা নয়, বরং প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত ও কার্যকর শিখন নিশ্চিত করা। এ জন্য মৌলিক সাক্ষরতা ও সংখ্যাগত দক্ষতা অর্জনের পাশাপাশি শিশুদের সমালোচনামূলক চিন্তা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ জীবনের প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।বৈঠকে মেয়েদের মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া কমানো, বিদ্যালয়ে নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ তৈরি এবং পৃথক স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠী ও পরিবারকে সক্ষম করে তোলার বিষয়টি গুরুত্ব পায়।এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা এবং স্থানীয় সমস্যা সমাধানের ধারণাকে নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত করার বিষয়ে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও রীনা ঘেলানি জানান, সংস্থাটি বিশ্বের ৮০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের ক্ষমতায়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করতে চায় তারা।সরকারের অগ্রাধিকার অনুযায়ী যৌথ উদ্যোগের সম্ভাব্য ক্ষেত্র, কারিগরি সহযোগিতা এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণের সক্ষমতা নিয়েও বিস্তারিত আলোচনার আগ্রহ প্রকাশ করেন তিনি।বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ডিরেক্টর নিশাত সুলতানা উপস্থিত ছিলেন।