ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
অসমাপ্ত প্রেমের শেষ অধ্যায়

অসমাপ্ত প্রেমের শেষ অধ্যায়

হিমন্তের বয়স ৩৮। পেশায় তিনি একজন লেখক ও নাট্যনির্মাতা। জীবনের একটা বড় সময় পার করে এসে একদিন তিনি নিজেকেই বলেছিলেন, জীবনের অর্ধেকটা তো পেরিয়েই গেল, এখন আর বিয়ে করে কী হবে বরং নিজের মতো করে বাঁচব, নিজের স্বপ্নগুলো পূরণ করব। সেই ভাবনা থেকেই নিজের জীবনের পথচলা সাজিয়েছিলেন হিমন্ত নিজের মত করে।লেখালেখির পাশাপাশি নাটক নির্মাণ করতেন তিনি। তাঁর লেখা একটি নাটক একসময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। পরিচালনাও করেছেন বেশ কয়েকটি টেলিভিশন নাটক। দর্শকের প্রশংসা, পরিচিতি আর সাফল্য সবই ছিল তাঁর ঝুলিতে। কিন্তু একসময় তাঁর মনে একটি প্রশ্ন জাগল, নাটক লিখে, সিনেমা বানিয়ে মানুষের বিনোদন হয় ঠিকই, কিন্তু মানুষের জীবন বদলাতে আমি আসলে কতটুকু ভূমিকা রাখতে পারছি? এই প্রশ্ন তাঁকে নতুন করে ভাবতে শেখায়। তিনি উপলব্ধি করলেন, মানুষ নিজের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন নয়। নিরাপদ খাবার, সুস্থ পরিবেশ, জলবায়ু পরিবর্তন কিংবা সামাজিক দায়বদ্ধতা এসব বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো জরুরি। শুধু গল্পের পর্দায় নয়, বাস্তব জীবনেও মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।সেই উপলব্ধি থেকেই হিমন্ত নিজের পকেটের প্রায় তিন লাখ টাকা ব্যয় করে সরকার অনুমোদিত একটি অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁর লক্ষ্য, মানুষের কল্যাণে কাজ করা, নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং পরিবেশ রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করা। আজ তাঁর সেই প্রতিষ্ঠান বাংলাদেশের উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। এরই মধ্যে জাতিসংঘের একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নেওয়ার সুযোগও হয়েছে তাঁর। সেখানে গিয়ে পৃথিবীকে নতুন করে দেখেছেন তিনি। বুঝেছেন, মানুষের জন্য কাজ করার পরিধি আরও বড় হওয়া দরকার।কিন্তু জীবনের গল্পে সবকিছু কি পরিকল্পনামতো চলে? জাতিসংঘের সেই সেমিনারেই হঠাৎ পুরোনো এক পরিচিত মানুষের কথা মনে পড়ে গেল তাঁর। নাম চন্দ্রিমা। আট বছর আগে এই চন্দ্রিমাকেই ভালোবেসেছিলেন হিমন্ত। তখন চন্দ্রিমার হাসি, কথা, অভিমান সবকিছুতেই নিজের পৃথিবী খুঁজে পেতেন তিনি। কিন্তু নিয়তির অদ্ভুত খেলায় চন্দ্রিমা একসময় অন্য একজনের জীবনসঙ্গী হয়ে যান। হিমন্তও নীরবে নিজের ভালোবাসাকে বিদায় জানিয়েছিলেন। কাউকে দোষ দেননি, কোনো অভিযোগও করেননি। শুধু ভেবেছিলেন, যাকে ভালোবাসি, তার ভালো থাকাটাই তো সবচেয়ে বড় চাওয়া। এরপর কেটে গেছে আটটি বছর।জাতিসংঘের সেমিনারে অংশ নেওয়ার ব্যস্ততার মধ্যেই একদিন চন্দ্রিমার সঙ্গে ফোনে কথা হয় হিমন্তের। পুরোনো দিনের পরিচিত কণ্ঠ শুনে বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতি জেগে উঠে। কথা বলতে বলতে হিমন্ত জানতে পারেন, চন্দ্রিমার সংসার ভালো নেই। স্বামী অন্য নারীর প্রতি আসক্ত। দূর প্রবাসে থাকা সেই স্বামী একসময় চন্দ্রিমাকে এমন কথাও বলেছেন, তুমি তোমার মতো অন্য কাউকে বিয়ে করে সংসার শুরু করো। আমাকে আর পাবে না। কথাগুলো শুনে হিমন্তের বুকটা ভারী হয়ে আসে।চন্দ্রিমা এখন এক সন্তানের মা। নিজের সন্তানের ভবিষ্যৎ, সামাজিক বাস্তবতা আর সংসারের টানাপোড়েন সবকিছু মিলিয়ে তিনি এক কঠিন অপেক্ষার মধ্যে দিন কাটাচ্ছেন। স্বামীর কাছ থেকে ভালোবাসা না পেলেও সন্তানের মুখের দিকে তাকিয়ে এখনো সংসারের সম্পর্কটিকে ধরে রাখার চেষ্টা করছেন। হিমন্তের মনে হয়, মানুষ কখনো কখনো কতটা অসহায় হয়ে যায়। যে নারী একসময় হাসতে হাসতে কথা বলতেন, সেই নারী আজ নিজের কষ্টগুলো নীরবে বয়ে বেড়াচ্ছেন। কিন্তু এখানেই হিমন্তের জীবনে শুরু হয় আরেক অদ্ভুত অধ্যায়।মাত্র দুই দিনের কথোপকথনেই আট বছর আগের ভালোবাসা যেন নতুন করে জেগে উঠে। হিমন্ত আবার চন্দ্রিমাকে নিয়ে ভাবতে শুরু করেন। কাজের ফাঁকে ফোন হাতে নেন, কোনো কারণ ছাড়াই মেসেজ পাঠান। চন্দ্রিমার উত্তর আসতে একটু দেরি হলেই অস্থির হয়ে উঠেন। দিনের ব্যস্ততা শেষ হলে রাত যেন আরও দীর্ঘ হয়ে যায়। রাত বাড়ে, শহর নিস্তব্ধ হয়, অথচ হিমন্তের মাথার ভেতর ঘুর ‍ঘুর করতে থাকে একটি নাম- চন্দ্রিমা।কখনো কোনো নাটকের সংলাপ লিখতে গিয়ে চন্দ্রিমার কথা মনে পড়ে। কখনো নতুন কোনো গল্পের চরিত্র নির্মাণ করতে গিয়ে তাঁর চোখের সামনে ভেসে উঠে চন্দ্রিমার মুখ। এমনকি মানুষের জন্য যে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়েও হঠাৎ চন্দ্রিমার কথা মনে পড়ে যায়। অথচ চন্দ্রিমার কাছ থেকে এখনো ভালোবাসার কোনো স্পষ্ট ইঙ্গিত আসেনি।হিমন্ত জানেন, চন্দ্রিমা একজন মা। তাঁর জীবনে একটি সন্তান আছে, আছে বাস্তবতার কঠিন হিসাব। চন্দ্রিমার জীবনের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে আরেকটি নিষ্পাপ জীবন। তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার তাঁর নেই। তবু নিজের মনের কাছে তিনি পরাজিত। এক রাতে কাজের টেবিলে বসে হিমন্ত নিজেকে প্রশ্ন করলেন- আমি কেন চন্দ্রিমাকে এত ভালোবাসি? আট বছর আগে যে মানুষটিকে হারিয়ে ফেলেছিলাম, আজ এত বছর পর আবার কেন তার জন্য বুকের ভেতর এমন অস্থিরতা? সে তো এখন আর একা নয়। তার একটি সন্তান আছে। তার জীবনে অনেক দায়িত্ব। আমি কি শুধু পুরোনো স্মৃতির প্রেমে পড়েছি, নাকি সত্যিই মানুষটিকে ভালোবাসি?অনেকক্ষণ জানালার বাইরে তাকিয়ে থাকলেন হিমন্ত। তারপর নিজের মনেই বললেন, আমি তো মানুষের জন্য কাজ করতে শিখেছি। মানুষের কষ্ট বুঝতে শিখেছি। অথচ যে মানুষটিকে একসময় ভালোবেসেছিলাম, তার কষ্টের কথা শুনে নিজের হৃদয়কে সামলাতে পারছি না। চন্দ্রিমাকে আমি ভালোবাসি, কিন্তু তার জীবনে নতুন করে কোনো কষ্টের কারণ হতে চাই না।হিমন্তের কাছে ভালোবাসা মানে শুধু কাউকে নিজের করে পাওয়া নয়। ভালোবাসা মানে কখনো কখনো দূর থেকে কারও ভালো থাকার প্রার্থনা করা। কারও চোখের জল মুছে দেওয়ার ইচ্ছা রাখা, অথচ তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিজের হাতে তুলে না নেওয়া। তিনি জানেন না, চন্দ্রিমা কোনো দিন তাঁর ভালোবাসার মূল্য বুঝবেন কি না। জানেন না, আট বছর আগের সেই অসমাপ্ত গল্পের কোনো সুন্দর সমাপ্তি আছে কি না।তবে হিমন্ত এটুকু জানেন, জীবনের এতগুলো বছর পার করে এসেও কিছু অনুভূতি পুরোনো হয় না। কিছু মানুষ স্মৃতিতে থাকেন না, তাঁরা থেকে যান হৃদয়ের গভীরে। হয়তো চন্দ্রিমা হিমন্তের জীবনে তেমনই একজন মানুষ, যাঁকে হারিয়েও হারানো যায়নি।আর হিমন্ত?তিনি এখনো মানুষের জন্য কাজ করেন, স্বপ্ন দেখেন, নতুন গল্প লেখেন। শুধু রাত গভীর হলে তাঁর সমস্ত ব্যস্ততার আড়ালে একজন লেখক, একজন নির্মাতা, একজন সমাজকর্মী নয়, জেগে উঠে এক অসমাপ্ত প্রেমের মানুষ। যে মানুষটি আজও মনে মনে চন্দ্রিমাকে বলে- তোমাকে পাওয়ার দাবি নিয়ে আমি আসিনি, চন্দ্রিমা। শুধু চাই, তুমি ভালো থাকো। তোমার মুখের হাসিটা ফিরে আসুক। কারণ পৃথিবীর হাজারো মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখা এই মানুষটির হৃদয়ে আজও তোমার জন্য একটু জায়গা রয়ে গেছে।সব ভালোবাসার পরিণতি একসঙ্গে পথচলা নয়। কিছু ভালোবাসা মানুষের ভেতরটাকে বদলে দেয়, আরও মানবিক করে তোলে। আর কিছু ভালোবাসা থেকে যায় একটি অসমাপ্ত গল্প হয়ে।লেখক: মতিন সাগর