ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
প্রশাসন জালিমের ভূমিকা নিলে জনগণ রুখে দাঁড়াবে: জামায়াত আমির

প্রশাসন জালিমের ভূমিকা নিলে জনগণ রুখে দাঁড়াবে: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রশাসন কোনো অবস্থায় ন্যায়বিচারের পথ ছেড়ে জালিমের ভূমিকা পালন করলে তা মেনে নেওয়া হবে না। জনগণ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।বুধবার মিরপুর-১০ এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে সৃষ্ট সংঘর্ষ ও উদ্ভূত পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় মানুষের উদ্দেশে বক্তব্য দেন জামায়াতের আমির।এ সময় তিনি বলেন, ‘আমরা চাই না আমাদের প্রশাসন অতীত ফ্যাসিবাদী আমলের মতো অন্যায়ের পক্ষ নিক। সংগত ও ভালো কাজে প্রশাসন সবসময় জনগণের সহযোগিতা পাবে। কিন্তু প্রশাসন যদি জালিমের ভূমিকা পালন করে, তবে আমরা তা রুখে দাঁড়াবো।’ প্রশাসনকে ‘দুষ্টের দমন ও শিষ্টের লালন’ নীতি যথাযথভাবে অনুসরণের আহ্বানও জানান তিনি।ফুটপাত উচ্ছেদ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, রাস্তাঘাট পরিষ্কার রাখা ও চলাচলের উপযোগী করা যেমন নাগরিক দায়িত্ব, তেমনি ফুটপাতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন-জীবিকার বিষয়টিও রাষ্ট্রকে বিবেচনায় নিতে হবে। উপযুক্ত বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে আকস্মিক উচ্ছেদ অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেন তিনি।জামায়াতের আমিরের ভাষ্য, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হলে সংঘাত এড়ানো সম্ভব হতো। এ ধরনের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সমন্বিত ও টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।ফুটপাতকেন্দ্রিক চাঁদাবাজিরও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, অসাধু চক্র দীর্ঘদিন ধরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে চাঁদা আদায় করছে। এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের ওপরও পড়ছে। শহর কিংবা দেশে চাঁদাবাজি, দখলদারি ও মাদকের ব্যবসা বরদাশত করা হবে না উল্লেখ করে এসব অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনা এবং সরকারি ও স্থানীয় সম্পদের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি সবাইকে ধৈর্য ধারণ ও শান্তি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং আলোচনার মাধ্যমে মানবিক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।