ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
পতিত ফ্যাসিবাদী শক্তির নাশকতা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাবি শিক্ষক-শিক্ষার্থীদের

পতিত ফ্যাসিবাদী শক্তির নাশকতা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাবি শিক্ষক-শিক্ষার্থীদের

পতিত ফ্যাসিবাদী শক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দলটিকে ক্ষমতাচ্যুত করেছে। পতিত সেই শক্তি আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় ফেরার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় রাজপথে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়েছিল। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তাঁর ইশারায় ও ভারতের আশ্রয়ে বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা হচ্ছে বলে তাঁরা মনে করেন। এসব কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।কোথাও কাউকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়ারও আহ্বান জানান সুলতান আহমেদ রাহী।বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, বাংলাদেশে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিবাদের চর্চা গড়ে উঠেছে।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো হয়েছে। পরবর্তী সময়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনো বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা যে রক্ত দিয়েছি, যে ত্যাগ স্বীকার করেছি, তার মর্যাদা রক্ষা করতে হবে।’বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস. এম. কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ. এইচ. এম. খুরশীদ আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।