ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
বাকৃবির জলাশয়ে অবমুক্ত করা হলো ৩০০ কেজি মাছের পোনা

বাকৃবির জলাশয়ে অবমুক্ত করা হলো ৩০০ কেজি মাছের পোনা

মৎস্যসম্পদের উন্নয়ন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন জলাশয়ে ৩০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলসংলগ্ন পুকুরে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক কৃষিবিদ রিপন কুমার পাল এবং জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আরাফাত উদ্দিন আহমেদ।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষিবিদ সামসুজ্জামান মাসুম।এ সময় মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক, ঈশা খাঁ হল ও শহীদ নাজমুল আহসান হলের প্রভোস্ট, জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক এবং ফিশ ফার্মের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক বলেন, মৎস্য অধিদপ্তরের এ নিয়মিত কার্যক্রম ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে তিনি আশা করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন, ময়মনসিংহ অঞ্চল দেশের মাছ চাষের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ অঞ্চল থেকে বছরে প্রায় ১২ হাজার কোটি টাকার মাছ সারা দেশে সরবরাহ করা হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ও মৎস্য অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় এ অঞ্চলের মাছ উৎপাদন এগিয়ে যাচ্ছে।এখন বাণিজ্যিকভাবে নিরাপদ মাছ উৎপাদন এবং বিদেশে মাছ রপ্তানির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।