ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সফল, ফিরেছে জ্ঞান

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সফল, ফিরেছে জ্ঞান

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে বুধবার স্থানীয় সময় বেলা দুইটার দিকে তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাঁর জ্ঞান ফিরেছে। বর্তমানে তাঁকে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন লুৎফুজ্জামান বাবরের প্রতিনিধি মাহমুদুল হাসান। তিনি জানান, মহান আল্লাহর রহমত ও সবার দোয়ায় সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অস্ত্রোপচার সফল হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।বাবর নিজেও তাঁর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর মেরুদণ্ডে তীব্র ব্যথার পাশাপাশি কিডনির সমস্যা ও শ্বাসকষ্ট ছিল। কারামুক্তির পর দেশে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকদের পরামর্শে তাঁকে সম্প্রতি মালয়েশিয়ায় নেওয়া হয়।সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর মেরুদণ্ডে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।অস্ত্রোপচারের আগে বাবর দেশবাসী ও নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে দোয়া চেয়েছিলেন। দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরে আসার প্রত্যাশাও ব্যক্ত করেছিলেন তিনি।এদিকে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, দীর্ঘ কারাভোগের প্রতিকূল পরিস্থিতির কারণে বাবরের শরীরে নানা জটিলতা তৈরি হয়েছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের পাশে দাঁড়াতে পারেন, সে জন্য দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।