ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় পাকিস্তান: শাহবাজ শরিফ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় পাকিস্তান: শাহবাজ শরিফ

বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনকে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘প্রাইম মিনিস্টার্স হাউসে’ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং সফররত সংসদীয় প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এসব কথা বলেন শাহবাজ শরিফ।নৈশভোজে বাংলাদেশের স্পিকার ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে।শাহবাজ শরিফ বলেন, সফররত সংসদীয় প্রতিনিধিদলের বিভিন্ন পর্যায়ের বৈঠক ও কার্যক্রম দুই দেশের আইনসভার মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ তুলে ধরেছে। নিয়মিত সংসদীয় প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার শক্ত ভিত্তি তৈরি করা সম্ভব।তিনি আরও বলেন, দুই দেশের আইনসভার মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় হলে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও দৃঢ় হবে। এর মাধ্যমে সংসদীয় কূটনীতির পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।