বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। প্রতিবেদনটি প্রত্যাহার, সংশোধনী প্রকাশ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বুধবার
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের
সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
এসব দাবি জানান।
বিবৃতিতে
তিনি বলেন, সংসদ-অনুমোদিত একটি
সরকারি সফরের দিনই প্রতিবেদনটি প্রকাশ
করা হয়েছে। এটি নিছক কাকতালীয়
নয়। বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে
হেয় করার পরিকল্পিত প্রচেষ্টা
বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেদনে
ডা. শফিকুর রহমানের বক্তব্য চাওয়া হলেও তিনি সাড়া
দেননি বলে উল্লেখ করা
হয়েছে। এ দাবিকে অসত্য
আখ্যা দিয়ে মিয়া গোলাম
পরওয়ার বলেন, প্রতিবেদন প্রকাশের আগে ডা. শফিকুর
রহমানের কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গীদের কারও সঙ্গে যোগাযোগ
করা হয়নি। তাঁর বক্তব্য না
নিয়েই তিনি জবাব দেননি
বলে উল্লেখ করা সাংবাদিকতার মৌলিক
নীতির লঙ্ঘন।
ফিলিস্তিন
ইস্যুতে জামায়াত আমিরের অবস্থান প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি
জনগণের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে
অবস্থান নেওয়া বিশ্বের অসংখ্য সরকার ও জনগণের মনোভাবের
প্রতিফলন। এটিকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতি।
জাতি-ধর্ম নির্বিশেষে বেসামরিক
মানুষের ওপর যেকোনো ধরনের
হামলার বিরোধী ডা. শফিকুর রহমান।
কর্মজীবী
নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে
প্রকাশিত বিতর্কিত পোস্টের বিষয়েও বক্তব্য দিয়েছে জামায়াত। মিয়া গোলাম পরওয়ার
দাবি করেন, পোস্টটি ডা. শফিকুর রহমান
লেখেননি। তাঁর অ্যাকাউন্ট হ্যাক
করে এটি প্রকাশ করা
হয়েছিল। এ-সংক্রান্ত প্রমাণ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া
হয়েছে এবং ঘটনায় একজনকে
গ্রেপ্তারও করা হয়েছে। এসব
তথ্য উপেক্ষা করে তাঁকে নারীবিদ্বেষী
হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে
অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়। মিয়া
গোলাম পরওয়ার বলেন, পতিত সরকারের আমলে
পরিচালিত এসব বিচারের ন্যায্যতা
নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন বিশেষজ্ঞ ও
জাতিসংঘের বিভিন্ন সংস্থা গুরুতর প্রশ্ন তুলেছে। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের একটি রায়েও এ
বিষয়ে প্রশ্ন উঠে এসেছে। এমন
পরিস্থিতিতে ওই বিচারের রায়কে
প্রশ্নাতীত ইতিহাস হিসেবে তুলে ধরে ডা.
শফিকুর রহমানকে ব্যক্তিগতভাবে দায়ী করার চেষ্টা
গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য
করেন তিনি।
‘দ্য
অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনটি একজন
অভিবাসন প্রতিনিধির ভিসা বাতিলের আবেদনের
ওপর ভিত্তি করে তৈরি হয়েছে
বলেও দাবি করেন জামায়াতের
সেক্রেটারি জেনারেল। তাঁর ভাষ্য অনুযায়ী,
ওই ব্যক্তি শেখ মুজিব ও
তাঁর পরিবারের গুণকীর্তনমূলক চলচ্চিত্র ‘বাবা’র রচয়িতা
ও পরিচালক। তবে প্রতিবেদনে ওই
ব্যক্তির রাজনৈতিক পরিচয় পাঠকদের কাছে তুলে ধরা
হয়নি বলে অভিযোগ করেন
তিনি।
মিয়া
গোলাম পরওয়ার আরও বলেন, যারা
ফ্যাসিবাদের অবসানে লড়াই করেছেন, তাঁদের
উগ্রবাদী হিসেবে চিত্রিত করে চরিত্রহননের চেষ্টা
পতিত স্বৈরাচারের পুরোনো বয়ানেরই প্রতিফলন।
এদিকে,
ডা. শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা
ও সংসদ সদস্য ব্যারিস্টার
মীর আহমাদ বিন কাসেম আরমান
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমটির প্রকাশকের কাছে আনুষ্ঠানিক ‘কনসার্নস
নোটিশ’ পাঠিয়েছেন। অস্ট্রেলিয়ার Defamation Act
2005 (NSW)-এর ১২এ ধারা অনুযায়ী
প্রকাশক Nationwide
News Pty Ltd-এর কাছে এ নোটিশ
পাঠানো হয়।
নোটিশে
প্রতিবেদনটির সাতটি মানহানিকর ইঙ্গিত চিহ্নিত করে সংশোধন, প্রতিবেদন
প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথিপত্র
সংরক্ষণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে
লিখিত জবাব দিতে বলা
হয়েছে।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে সেই স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয়। অবিলম্বে প্রতিবেদন প্রত্যাহার, ডা. শফিকুর রহমানের বক্তব্য প্রকাশ এবং প্রকাশ্যে সংশোধনী দিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। অন্যথায় সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জামায়াতের এই নেতা।