ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়: জামায়াত নেতা

পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়: জামায়াত নেতা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি প্রশ্ন তুলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ হলে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দিয়ে চিঠি জারি করতে হয়।আসন্ন ৩১ অক্টোবর ১১-দলীয় ঐক্যের ঢাকা–খুলনা–যশোর–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে রোববার যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোলাম পরওয়ার।সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা দেশে খুন, ছিনতাই ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। বিশেষ করে খুলনা ও যশোর অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি হয়েছে বলে দাবি করেন তিনি।স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি খুলনার পুলিশ সুপার এক নির্দেশনায় পুলিশ সদস্যদের একা চলাচল করতে নিষেধ করেছেন।তিনি বলেন, একটি দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচলের ওপরই যদি এভাবে বিধিনিষেধ আরোপ করতে হয়, তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা সহজেই অনুমেয়।জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর দেশে ন্যায়বিচারভিত্তিক পরিবেশ ও স্বাভাবিক নিরাপত্তা ফিরে আসবে বলে জনগণের প্রত্যাশা ছিল উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, বর্তমান বিএনপি সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, চাঁদাবাজি ও দখলদারত্ব সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।সংবাদ সম্মেলনে তিনি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সার ও বিদ্যুৎ সংকট নিরসন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করাসহ সাত দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান।এসব দাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে শুরু হয়ে মাওয়া, খুলনা ও যশোর হয়ে কুষ্টিয়া পর্যন্ত শান্তিপূর্ণ লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার।