ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর
সচেতনতা
বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা
গ্রহণের মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি এবং এ রোগজনিত
জটিলতা অনেকাংশে কমানো সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান।তিনি
বলেছেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার
মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন
করতে পারেন। আর যারা এখনো
এ রোগে আক্রান্ত হননি,
তাঁদের সুষম খাদ্য গ্রহণ,
শরীরচর্চা ও নিয়মিত স্বাস্থ্য
পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা প্রয়োজন।আগামীকাল
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ
শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী
এসব কথা বলেন। এবারের
দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা
নিন এখনই’।বাণীতে
তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত
মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা উদ্বেগের বিষয়।তিনি
বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্যন্ত্র,
কিডনি, চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এ
রোগের জটিলতা কখনো কখনো জীবনহানির
কারণও হয়ে দাঁড়ায়। তবে
সময়মতো রোগ শনাক্ত করা,
সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের
মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।প্রধানমন্ত্রী
বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক
রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি করা বর্তমান
সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য
সমস্যা মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপের পাশাপাশি সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।তিনি
আরও বলেন, সরকার সবার জন্য মানসম্মত
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে
প্রত্যেকে সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন
করতে পারেন। এ লক্ষ্য অর্জনে
সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের
সম্মিলিত প্রচেষ্টা জরুরি।তারেক
রহমান বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী
দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম
ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান
উন্নত করে না, পরিবার,
সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রাকেও
গতিশীল করে।বাণীতে
প্রধানমন্ত্রী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, সমিতির
উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব
ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে।
বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি
জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে। গত দুই দশক
ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে, যা
বাংলাদেশের জন্য গৌরবের।তিনি
বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ
ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা ও জনসচেতনতা তৈরিতে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের
মানুষের দোরগোড়ায় ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে
দিতে প্রতিষ্ঠানটির প্রচেষ্টা প্রশংসনীয়।আগামী
দিনগুলোতে সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে
বলে আশা প্রকাশ করেন
প্রধানমন্ত্রী। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের
প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।বাণীর
শেষাংশে প্রধানমন্ত্রী বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ
ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে
আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে ‘বিশ্ব
ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে
নেওয়া সব কর্মসূচির সাফল্য
কামনা করেন।