ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসাবে স্বীকৃতি পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের
অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে
বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি
হয়েছে। পাশাপাশি এসব খাতে বেসরকারি
বিনিয়োগ আকৃষ্ট করতে ডিএফসির অর্থায়ন
ও ঝুঁকি প্রশমন সুবিধা পাওয়ার পথও খুলেছে।সোমবার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি)।সংস্থাটি
বলেছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের
প্রকল্পে বিনিয়োগ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা
রাখতে পারে। এসব উদ্যোগ যুক্তরাষ্ট্রের
মিত্রদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব
সুরক্ষায়ও সহায়ক হবে।ডিএফসির
মতে, অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের বড়
অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর সুযোগ
তৈরি হয়েছে। একই সঙ্গে সংস্থাটির
অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত
সুবিধা পাওয়ায় গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি মোকাবিলা এবং অর্থায়ন সংকটে
থাকা প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।সংস্থাটি
আরও জানিয়েছে, এ ধরনের বিনিয়োগের
মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি
এবং মানুষের জন্য প্রয়োজনীয় সেবা
ও সুযোগ-সুবিধা বাড়ানো সম্ভব হবে। পাশাপাশি স্থানীয়
ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ার মধ্য দিয়ে সামগ্রিক
অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হতে পারে।ডিএফসি
বলছে, অনেক সম্ভাবনাময় ও
উন্নয়নমুখী প্রকল্প বাণিজ্যিকভাবে লাভজনক হলেও অর্থায়নের সীমাবদ্ধতা
এবং সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীরা সেগুলোতে আগ্রহ দেখান না। এ ধরনের
বাধা দূর করে প্রকল্প
বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন ও ঝুঁকি মোকাবিলায়
সহায়তা দিতে পারে সংস্থাটি।এ
বিষয়ে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন,
ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার
একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে দেশের
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে এমন বেসরকারি
বিনিয়োগ কাজে লাগানো সম্ভব
হবে।তিনি
আরও বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করতে পারে এমন
প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন করা যাবে। একই
সঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব হবে যুক্তরাষ্ট্রের কৌশলগত
স্বার্থও।বাংলাদেশের
অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি
ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।তিনি
বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করার বিষয়ে যুক্তরাষ্ট্রের
প্রকাশ্য অঙ্গীকারের প্রতিফলন। এ লক্ষ্য অর্জনে
ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে দুই
দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।ডিএফসি
আরও জানিয়েছে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতিও এ অঞ্চলে অবস্থিত।
এ কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের ক্ষেত্রে অঞ্চলটি বিশেষ গুরুত্ব বহন করে।মুক্তবাজার
অর্থনীতির নীতির ভিত্তিতে এ অঞ্চলের অর্থনৈতিক
প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং যুক্তরাষ্ট্রের
অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করতে কাজ করছে
ডিএফসি। একই সঙ্গে বেসরকারি
পুঁজি কাজে লাগিয়ে এ
অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সংস্থাটি।