জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার ও রাষ্ট্রকাঠামোয় মৌলিক পরিবর্তনের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতেই মানুষ জীবন দিয়েছে। তাই জুলাই সনদের আলোকে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে।
সোমবার
বিকেলে মুন্সিগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে
বাংলাদেশ খেলাফত মজলিসের মুন্সিগঞ্জ জেলা শাখা আয়োজিত
নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
তিনি।
মামুনুল
হক বলেন, সংসদ নির্বাচনে যেখানে
প্রায় ৫০ শতাংশ ভোট
পড়েছে, সেখানে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ
মতামত দিয়েছেন। জনগণের এই রায় উপেক্ষা
করার সুযোগ নেই। একই দিনে
অনুষ্ঠিত দুটি নির্বাচনের একটির
ফলাফল মেনে নিয়ে অন্যটির
ফলাফল প্রত্যাখ্যান করা যায় না।
গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
সংবিধান
সংশোধন ও সংস্কারের মধ্যে
পার্থক্য তুলে ধরে তিনি
বলেন, সংবিধান সংশোধন সংসদের নিয়মিত প্রক্রিয়া। সংখ্যাগরিষ্ঠতার জোরে পরবর্তী সময়ে
তা পরিবর্তন বা বাতিল করা
সম্ভব। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজন মৌলিক ও স্থায়ী সাংবিধানিক
সংস্কার। এমন রাষ্ট্রব্যবস্থা গড়ে
তুলতে হবে, যাতে ভবিষ্যতে
কোনো স্বৈরাচারী শাসকের আবির্ভাব ঘটতে না পারে।
বর্তমান
সরকারের প্রতি সহযোগিতার মনোভাবের কথা জানিয়ে মামুনুল
হক বলেন, সরকারকে সহযোগিতা করতে তাঁরা চান।
তবে জনগণের অধিকার ও গণভোটের রায়
উপেক্ষা করা হলে দায়িত্বশীল
রাজনৈতিক শক্তি হিসেবে নীরব থাকার সুযোগ
নেই।
বিএনপির
প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমান ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তারেক
রহমান যদি শেখ হাসিনার
পথে হাঁটতে চান, তাহলে তাঁকে
আরেকজন শেখ হাসিনা হতে
দেওয়া হবে না। বিএনপির
নেতাকর্মীদেরও নিজেদের নেতৃত্বকে স্বৈরাচারী প্রবণতা থেকে দূরে রাখতে
ভূমিকা রাখতে হবে।
দেশের
চলমান সংকটের প্রসঙ্গ টেনে বাংলাদেশ খেলাফত
মজলিসের আমীর বলেন, জ্বালানি
সংকট, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা,
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, প্রশাসনের দলীয়করণ এবং বিচারব্যবস্থায় রাজনৈতিক
প্রভাব বিস্তারের মতো সমস্যাগুলো রাষ্ট্রকাঠামোর
দুর্বলতার বহিঃপ্রকাশ। এসব সংকট মোকাবিলায়
প্রধানমন্ত্রীকেন্দ্রিক
একচ্ছত্র ক্ষমতাব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্রপতির কার্যকর ক্ষমতা নিশ্চিত করা, বিচার বিভাগের
স্বাধীনতা এবং মেধাভিত্তিক প্রশাসন
প্রতিষ্ঠা করতে হবে।
অতীতের
সব হত্যাকাণ্ডের বিচার দাবি করে মামুনুল
হক বলেন, দেশে নতুন করে
কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে
না। জুলাই গণহত্যা, শাপলা গণহত্যাসহ অতীতের সব হত্যাকাণ্ডের সঙ্গে
জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের
আওতায় আনতে হবে। শহীদ
শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডেরও বিচার নিশ্চিত করতে হবে।
তরুণ
প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, বৈষম্যহীন
ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে
ছাত্র-জনতা আন্দোলন করেছে,
তা বাস্তবায়নে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের আদর্শ রাষ্ট্র ও সমাজজীবনে ধারণ
করতে হবে।
সমাবেশে
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে
আমীর ও ঢাকা মহানগর
দক্ষিণের মেয়র প্রার্থী মাওলানা
মুহাম্মদ মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব
মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুফতী মোহাম্মদুল্লাহ, এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মুফতী সিদ্দিকুর
রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয়
নির্বাহী সদস্য মুফতী নুর হোসাইন নূরানী।
সমাবেশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া, গ্যাস-বিদ্যুৎ সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, মুন্সিগঞ্জের সব সড়ক দ্রুত সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়।