বাংলাদেশে ফ্যাসিবাদী সংস্কৃতি দূর করতে রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, শুধু দলীয় আনুগত্য কিংবা চাটুকারিতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে রাষ্ট্র আবারও সংকটের মুখে পড়তে পারে। তাই জুলাই বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।
সোমবার
জাতীয় প্রেস ক্লাবে ‘আওয়ামী সন্ত্রাস, আওয়ামীপনা ও ফ্যাসিবাদবিরোধী বর্ষা
বিপ্লব-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে
তিনি এসব কথা বলেন।
বৈঠকের আয়োজন করে মিনহাল।
জাহিদুল
ইসলাম বলেন, জুলাই বিপ্লবের অন্যতম প্রধান শক্তি ছিল মানুষের অভূতপূর্ব
ঐক্য। রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য
থাকলেও দেশের প্রতি ভালোবাসা, সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস এবং অন্যায়-জুলুমের
বিরুদ্ধে অবস্থানের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এক জায়গায় দাঁড়িয়েছিলেন।
বাম ও ডানসহ বিভিন্ন
মতাদর্শের মানুষের সম্মিলিত অংশগ্রহণ আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রেখেছে।
জুলাই
আন্দোলনে মানুষের আত্মত্যাগের মানসিকতা ছিল নজিরবিহীন উল্লেখ
করে তিনি বলেন, শিশু
থেকে বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে
সবাই আন্দোলনে অংশ নিয়েছেন। একজন
আক্রান্ত হলে অন্যজন তাঁকে
রক্ষায় এগিয়ে এসেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রান্ত হলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা পাশে দাঁড়িয়েছেন। একইভাবে
মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলা হলে
অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সহযোগিতায় এগিয়ে এসেছেন। সাংবাদিক, কবি, সাহিত্যিক ও
বুদ্ধিজীবীরাও আন্দোলনকারীদের পাশে ছিলেন।
আন্দোলনের
আধ্যাত্মিক ও মানবিক দিক
তুলে ধরে সাবেক এই
ছাত্রনেতা বলেন, দেশের বিভিন্ন স্থানে মানুষ নফল রোজা রেখেছেন
এবং নামাজ পড়ে আন্দোলনকারীদের জন্য
দোয়া করেছেন। প্রবাসীরাও তাঁদের জন্য প্রার্থনা করেছেন।
আন্দোলনের কঠিন সময়ে গুলিবর্ষণ
ও রক্তাক্ত পরিস্থিতির মধ্যেও আজান শুনে অনেকে
নামাজে দাঁড়িয়েছেন। বিজয়ের পর গণভবনে মানুষের
সেজদায় অবনত হওয়ার দৃশ্যও
সেই আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ। ঐক্য, আত্মত্যাগ ও আল্লাহর সাহায্যের
সমন্বয়ে বিজয় অর্জিত হয়েছে
বলে তিনি মন্তব্য করেন।
ফ্যাসিবাদ দূর
করতে
শাসনব্যবস্থার পরিবর্তন জরুরি
জুলাই-পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা পূরণে ঘাটতি রয়েছে উল্লেখ করে জাহিদুল ইসলাম
বলেন, বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র
পরিবর্তনের বড় সুযোগ তৈরি
হলেও তা পুরোপুরি কাজে
লাগানো যাচ্ছে না। শহীদ পরিবারগুলোর
প্রত্যাশা এবং রাষ্ট্রীয় কাঠামোতে
পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল,
সেটিও যথাযথভাবে বাস্তবায়িত হয়নি।
তিনি
বলেন, শুধু শাসকের পরিবর্তন
হলেই ফ্যাসিবাদ দূর হয় না।
ফ্যাসিবাদী চিন্তা, সংস্কৃতি ও শাসনব্যবস্থারও পরিবর্তন
করতে হবে।
বর্তমান
সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে জাহিদুল ইসলাম
বলেন, সরকারকে ফ্যাসিস্ট বলতে চান না।
তবে সরকারের কিছু কর্মকাণ্ডের সঙ্গে
আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলের মিল পাওয়া যাচ্ছে।
অতীতে আওয়ামী লীগ কোনো প্রশ্নের
সরাসরি উত্তর না দিয়ে বিষয়টি
অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করত। বর্তমান সরকারের
কিছু প্রতিনিধির মধ্যেও একই প্রবণতা দেখা
যাচ্ছে।
আইনশৃঙ্খলা
পরিস্থিতি, সংসদ সদস্যদের বাড়িতে
হামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের
সমন্বয়কদের ওপর হামলার মতো
ঘটনায় প্রশ্ন উঠলেও অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট
জবাব ও কার্যকর সমাধান
পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ
করেন তিনি।
চাটুকারদের পদায়ন
করলে
সংকট
বাড়বে
অতীতে
বিএনপিও জুলুমের শিকার হয়েছে উল্লেখ করে জাহিদুল ইসলাম
বলেন, সেই অভিজ্ঞতা থেকে
শিক্ষা নিয়ে বর্তমান সরকারকে
রাষ্ট্র পরিচালনা করতে হবে। জুলাইয়ের
প্রকৃত চেতনা ধারণ করেন এবং
যোগ্যতা ও দক্ষতা রাখেন,
এমন ব্যক্তিদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া প্রয়োজন। প্রয়োজনে ভিন্ন মতাদর্শের যোগ্য ব্যক্তিদেরও রাষ্ট্রের স্বার্থে মূল্যায়ন করতে হবে।
তিনি
বলেন, শুধু চাটুকারদের পদায়ন
করা হলে রাষ্ট্র আবারও
সংকটের মুখে পড়বে।
বক্তব্যের
শেষ পর্যায়ে জাহিদুল ইসলাম বলেন, আওয়ামীপনা শুধু একটি রাজনৈতিক
দলের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি
সংস্কৃতি, চিন্তাচেতনা ও অভ্যাস। বাংলাদেশ
থেকে এ ধরনের সংস্কৃতি
দূর করতে সবাইকে সম্মিলিতভাবে
কাজ করতে হবে। জুলাই
বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক
রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মিনহালের সম্পাদক ইউসুফ আম্মারের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সংগঠক ও রাজনীতিক সামান্তা শারমিন এবং ডেল এইচ. খান প্রমুখ।