ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
যুক্তরাষ্ট্রের আহ্বানে আইসিসি ছাড়ছে তাজিকিস্তান, উদ্বিগ্ন আদালত

যুক্তরাষ্ট্রের আহ্বানে আইসিসি ছাড়ছে তাজিকিস্তান, উদ্বিগ্ন আদালত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান। যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে গত জুলাই থেকে এ পর্যন্ত চতুর্থ দেশ হিসেবে আদালতটি ছাড়ার উদ্যোগ নিল দেশটি। এর আগে ভেনেজুয়েলা, চাদ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু একই প্রক্রিয়া শুরু করে।তাজিকিস্তানের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসির পরিচালনা পর্ষদ। দেশটি ইতিমধ্যে জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। আইসিসি প্রতিষ্ঠার ভিত্তি রোম সংবিধি থেকে তাজিকিস্তানের প্রত্যাহার ২০২৭ সালের ২০ নভেম্বর কার্যকর হওয়ার কথা রয়েছে।আইসিসি গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের মতো গুরুতর অপরাধে ব্যক্তির বিচার করে। তবে কোনো দেশের নিজস্ব বিচারব্যবস্থা সংশ্লিষ্ট অপরাধের বিচার করতে অনিচ্ছুক বা অক্ষম হলেই কেবল এ আদালত হস্তক্ষেপ করতে পারে।নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা নিয়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতাগাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে এখনো ওই পরোয়ানা কার্যকর হয়নি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির এই পদক্ষেপের বিরোধিতা করে। এ নিয়ে আদালতের বিচারক ও কৌঁসুলিদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে ওয়াশিংটন। এর আগে আফগানিস্তানে মার্কিন বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আইসিসির তদন্তের বিরুদ্ধেও অবস্থান নিয়েছিল যুক্তরাষ্ট্র।গত জুলাইয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আইসিসির কার্যক্রম অকার্যকর করে দেওয়ার চেষ্টা করবে তারা। ওয়াশিংটনের অভিযোগ, আদালতটি ‘বিশ্ববাদী আমলাতন্ত্রের’ একটি প্রয়োগকারী সংস্থা হিসেবে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করছে।পুতিনকে গ্রেপ্তার না করায় বিরোধআইসিসি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের আগে তাজিকিস্তানের সঙ্গে আদালতটির বিরোধ তৈরি হয়েছিল। ২০২৫ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাজিকিস্তান সফর করলে তাঁকে গ্রেপ্তারের অনুরোধ জানায় আইসিসি। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।তবে আইসিসির সেই অনুরোধ বাস্তবায়ন করেনি তাজিকিস্তান। গত মার্চে আদালত জানায়, পুতিনকে গ্রেপ্তারের অনুরোধ পালন না করে দেশটি তাদের আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।আফ্রিকার তিন দেশও সদস্যপদ ছাড়ার ঘোষণা দিয়েছেতাজিকিস্তানের আগে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো, মালি ও নাইজারও ২০২৫ সালে আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। আদালতটিকে ‘নব্য ঔপনিবেশিক দমন-পীড়নের’ হাতিয়ার হিসেবে আখ্যা দিয়ে দেশ তিনটি যৌথভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছিল। গত জুনে তারা জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের বিষয়টি জানায়।বর্তমানে আইসিসির সদস্যরাষ্ট্রের সংখ্যা ১২৫। প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা সাতটি দেশ এখনো আনুষ্ঠানিকভাবে আদালতের সদস্য রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইসরায়েল ও ভারত আইসিসির সদস্য নয়।