দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের প্রকৃত সংখ্যা ও রোগের বিস্তার জানতে পূর্ণাঙ্গ জাতীয় জরিপ এবং কার্যকর স্ক্রিনিং কর্মসূচি চালুর ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে উপজেলা পর্যায়ে অসংক্রামক রোগ (এনসিডি) কর্নারের কার্যক্রম জোরদার করতে ওষুধের বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার থেকে ৫ হাজার কোটি টাকা করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার
(২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্যবিষয়ক মাল্টিমিডিয়া ‘ধারা নিউজ’ আয়োজিত
‘ধারা-ফিটব্যাক রিসেট গোলটেবিল’ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন। ‘ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’
শীর্ষক এ আলোচনায় দেশের
ডায়াবেটিস পরিস্থিতি ও তা মোকাবিলায়
করণীয় নিয়ে আলোচনা হয়।
স্বাস্থ্য
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ১
কোটি ৩৯ লাখ মানুষ
ডায়াবেটিসে আক্রান্ত। কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ২০৫০
সালের মধ্যে এ সংখ্যা বেড়ে
প্রায় ২ কোটি ৬১
লাখে দাঁড়াতে পারে। উদ্বেগের বিষয় হলো, আক্রান্ত
ব্যক্তিদের প্রায় ৪০ শতাংশই জানেন
না যে তাঁদের ডায়াবেটিস
রয়েছে। আর আক্রান্তদের মাত্র
২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। বাকি ৮০
শতাংশের রোগ নিয়ন্ত্রণের বাইরে
অথবা তাঁরা চিকিৎসার আওতায় নেই।
তিনি
আরও বলেন, দেশে প্রতিবছর ডায়াবেটিসের
কারণে প্রায় ৩১ হাজার মানুষের
অকালমৃত্যু হয়। ২০ থেকে
৭৯ বছর বয়সীদের মোট
মৃত্যুর প্রায় ৫ শতাংশের জন্য
দায়ী এ রোগ। অথচ
ডায়াবেটিসের প্রকৃত বিস্তার এবং এর কারণে
অন্ধত্ব, কিডনি ও স্নায়ুর জটিলতা
নিয়ে দেশে সুনির্দিষ্ট কোনো
জাতীয় জরিপ নেই। এ
কারণে বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে জাতীয় জরিপের
মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ
করা প্রয়োজন। এসব তথ্যের ভিত্তিতেই
কার্যকর নীতিমালা ও কর্মপরিকল্পনা গ্রহণ
করতে হবে।
সরকারের
স্বাস্থ্য খাতের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী
বলেন, চিকিৎসানির্ভর স্বাস্থ্যব্যবস্থা থেকে বেরিয়ে রোগ
প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষাকে
বেশি গুরুত্ব দিতে চায় সরকার।
এ লক্ষ্যে খাদ্য ও কৃষি, শিল্প,
বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং
শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর
বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে
তিনি বলেন, পরিচ্ছন্নতা বজায় রাখা, শিশুদের
জন্য খেলার মাঠ তৈরি এবং
সুস্থ জীবনযাপনে উৎসাহ দেওয়ার বিষয়গুলোতে প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন। শিশুদের পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে
ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের
অভ্যাস গড়ে তুলতে পারলে
ভবিষ্যৎ প্রজন্মকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের
মতো অসংক্রামক রোগ থেকে সুরক্ষা
দেওয়া সম্ভব হবে।
আগামী
দিনের কর্মপরিকল্পনা জানিয়ে ড. এম এ
মুহিত বলেন, দেশের ২০ থেকে ২৫টি
নির্বাচিত উপজেলায় সমন্বিত পাইলট প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উপজেলায় এনসিডি
কর্নারের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং, প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত চিকিৎসা এবং নারীস্বাস্থ্যের ওপর
গুরুত্ব দেওয়া হবে।
এ
ছাড়া দেশের অন্তত চারটি বিভাগীয় শহরে নারীদের ক্যানসার,
ডায়াবেটিস ও কিডনি রোগের
সমন্বিত চিকিৎসার জন্য বিশেষায়িত ‘উইমেনস
হেলথ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।
ধারা
নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন
অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল
রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি
ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম,
স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ,
আনোয়ার খান মডার্ন মেডিকেল
কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের
সহযোগী অধ্যাপক ডা. শারমিন আব্বাসী,
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর হেলথ রিসার্চ
অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের উপপরিচালক ডা. নাভিদ আহমেদ,
ফিটব্যাক রিসেটের প্রধান পুষ্টিবিদ ফাহমিদা হাশেম এবং দৈনিক কালবেলার
স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।