ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
আর্থিক সেবায় পিছিয়ে নারী ও গ্রামাঞ্চলের মানুষ

আর্থিক সেবায় পিছিয়ে নারী ও গ্রামাঞ্চলের মানুষ

দেশে ব্যাংক ও আর্থিক সেবার পরিধি বাড়লেও এখনো বিপুলসংখ্যক মানুষ আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার বাইরে রয়েছেন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩৫ দশমিক ৫ শতাংশ এখনো আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আসেনি। অর্থাৎ প্রতি তিনজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজনের বেশি ব্যাংক বা আনুষ্ঠানিক আর্থিক সেবা থেকে বঞ্চিত।বাংলাদেশ ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৬৪ দশমিক ৫ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এসেছে। তবে এ ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। পুরুষদের আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৯ দশমিক ৫ শতাংশ হলেও নারীদের ক্ষেত্রে তা ৬০ দশমিক ৯ শতাংশ।শহরের তুলনায় গ্রামাঞ্চলের মানুষও আর্থিক সেবা গ্রহণে পিছিয়ে রয়েছেন। শহরাঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৬ দশমিক ৮ শতাংশ। গ্রামাঞ্চলে এ হার ৬৩ দশমিক ৬ শতাংশ। বিভাগগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে সিলেট। সেখানে আর্থিক অন্তর্ভুক্তির হার মাত্র ৫৪ দশমিক ৯ শতাংশ।দেশে ৬০টির বেশি ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বিস্তৃত হয়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত বাড়ছে ব্যাংকের শাখা ও এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সেবা এখন মানুষের হাতের নাগালে। বিশেষ করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ও এজেন্ট ব্যাংকিংয়ের বিস্তার আর্থিক সেবা গ্রহণের সুযোগ বাড়িয়েছে। এরপরও বড় একটি জনগোষ্ঠী এই ব্যবস্থার বাইরে রয়ে গেছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ কোটি ২৪ লাখ। এর মধ্যে নারীদের হিসাব ১০ কোটি ৫৬ লাখ ৭০ হাজার। একই সময়ে এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেটের সংখ্যা হয়েছে ২০ হাজার ৫০১টি। এসব আউটলেটের ৮৫ দশমিক ৫ শতাংশই গ্রামীণ এলাকায়। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে খোলা হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার।অন্যদিকে, দেশের ব্যাংকগুলোতে আমানত হিসাবের সংখ্যা ২০ কোটির বেশি। তবে হিসাবের সংখ্যা দিয়ে আর্থিক সেবার আওতায় থাকা মানুষের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা যায় না। কারণ, একজন ব্যক্তির একাধিক ব্যাংক বা আর্থিক হিসাব থাকতে পারে। ফলে হিসাবের সংখ্যা বাড়লেও কত মানুষ নিয়মিত এসব সেবা ব্যবহার করছেন, সেটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।প্রতিবেদনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সেবা গ্রহণের চিত্রেও বৈষম্য উঠে এসেছে। দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ব্যাংক হিসাব রয়েছে ২৯ শতাংশের। মোবাইল আর্থিক সেবা ব্যবহার করেন ৪৫ শতাংশ এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সেবা নেন ২২ শতাংশ। অন্যদিকে ফাইন্যান্স কোম্পানি, বিমা ও পুঁজিবাজারের মতো প্রতিষ্ঠানের সেবা বা হিসাব গ্রহণের হার ৫ শতাংশেরও কম।আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে শিক্ষা ও প্রযুক্তির ব্যবহারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে আর্থিক সাক্ষরতার হার ৮৯ দশমিক ৬ শতাংশ। বিপরীতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন জনগোষ্ঠীর মধ্যে এ হার ৫৫ দশমিক ১ শতাংশ। এ ছাড়া মোবাইল ফোন ব্যবহারকারীদের ৭৩ শতাংশ এবং মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের ৭১ শতাংশ আনুষ্ঠানিক আর্থিক অন্তর্ভুক্তির আওতায় রয়েছেন।প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এখন প্রধান চ্যালেঞ্জ শুধু সেবার পরিধি বাড়ানো নয়, বরং এসব সেবার কার্যকর ব্যবহার ও মান নিশ্চিত করা। এ জন্য নারী, তরুণ, গ্রামীণ জনগোষ্ঠী, কৃষক এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য সেবার সুযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।এদিকে জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল বাস্তবায়নেও অগ্রগতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এ কৌশলের আওতায় নির্ধারিত ৬৯টি লক্ষ্যের মধ্যে ৫৩টি অর্জিত হয়েছে, যা মোট লক্ষ্যের ৭৬ শতাংশ। বাকি ১৬টি লক্ষ্য বাস্তবায়নাধীন রয়েছে।