ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করতে প্রচার শুরু

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করতে প্রচার শুরু

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে সামনে আনতে সংগঠিত হচ্ছেন প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা। তাঁকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করতে ‘রেডি ফর এওসি’ নামে একটি সংগঠন দেশজুড়ে প্রচারাভিযান শুরু করেছে।যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন ঘিরে বামপন্থী ও প্রগতিশীল রাজনীতির সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার ‘রেডি ফর এওসি’ তাদের উদ্যোগের ঘোষণা দেয়। সংগঠনটির মূল লক্ষ্য, ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে উৎসাহিত করা এবং তাঁর পক্ষে কাজ করতে প্রস্তুত শক্তিশালী জনসমর্থন রয়েছে, তা তাঁকে বোঝানো।সংগঠনটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ১০ হাজার স্থানীয় নেতা ও কমিউনিটি সংগঠককে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তাঁদের মাধ্যমে ওকাসিও-কর্টেজের প্রার্থিতার পক্ষে অন্তত ১০ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে চায় তারা। ইতিমধ্যে ৩৫টি অঙ্গরাজ্যের ৫০০ জনের বেশি স্থানীয় রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতা এতে যুক্ত হয়েছেন।‘রেডি ফর এওসি’র মুখপাত্র রবি সাহাই বলেন, ওকাসিও-কর্টেজ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে তাঁর জন্য তৃণমূল পর্যায়ে শক্তিশালী আন্দোলনের কাঠামো গড়ে তোলাই তাঁদের উদ্দেশ্য। একই সঙ্গে তাঁকে বোঝানো হবে, নির্বাচনে জয়ী হওয়ার মতো জনসমর্থন ও সাংগঠনিক শক্তি তৈরির প্রস্তুতি রয়েছে।নিউইয়র্কের প্রগতিশীল রাজনীতিকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রবি সাহাইয়ের। তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেসের নবনির্বাচিত সদস্য ক্লেয়ার ভালদেজ এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।প্রেসিডেন্ট নাকি সিনেট নির্বাচনওকাসিও-কর্টেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী করার উদ্যোগ এবারই প্রথম নয়। তাঁকে ঘিরে আরও কয়েকটি সংগঠন কাজ করছে। ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের আনুষ্ঠানিক প্রতিযোগিতা শুরুর আগেই সমর্থকেরা নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছেন।২০২৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ওকাসিও-কর্টেজের নাম বেশ আলোচিত। তবে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন, নাকি নিউইয়র্ক থেকে সিনেট নির্বাচনে অংশ নেবেন, তা নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে।ডেমোক্র্যাটিক পার্টির পরিচিত মুখ ওকাসিও-কর্টেজ নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন। বামপন্থী সমর্থকদের মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে রিপাবলিকানদের সমালোচনারও নিয়মিত লক্ষ্য তিনি।২০১৮ সালে দীর্ঘদিনের এক কংগ্রেস সদস্যকে পরাজিত করে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন ওকাসিও-কর্টেজ। সে সময় বর্ণগত সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন বামপন্থী নারী কংগ্রেস সদস্যকে নিয়ে গঠিত ‘দ্য স্কোয়াড’ গোষ্ঠীর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিনি।সাম্প্রতিক বছরগুলোতে নিজের প্রগতিশীল অবস্থান ধরে রেখেও ডেমোক্র্যাটিক পার্টির মূলধারার নেতাদের সঙ্গে সম্পর্কের উন্নতি করেছেন তিনি। তবে দলের মধ্যপন্থী অংশের কেউ কেউ তাঁকে বামপন্থী অবস্থান থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন। তাঁদের আশঙ্কা, ডেমোক্র্যাটিক সোশ্যালিজমের প্রতি অতিরিক্ত সমর্থন মধ্যপন্থী ভোটারদের কাছে দলটির গ্রহণযোগ্যতা কমিয়ে দিতে পারে।স্যান্ডার্সের আন্দোলনের উত্তরসূরিসিনেটর বার্নি স্যান্ডার্সের দুই দফা প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারের মধ্য দিয়ে গড়ে ওঠা প্রগতিশীল আন্দোলনের উত্তরসূরি হিসেবে দেখা হয় ওকাসিও-কর্টেজকে। ফলে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলে শুরু থেকেই শক্তিশালী সমর্থকগোষ্ঠী এবং ক্ষুদ্র অঙ্কের অনুদানদাতাদের বড় একটি ভিত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।অন্যদিকে নিউইয়র্কের সিনেটর চাক শুমারের বিরুদ্ধেও নির্বাচনে লড়ার সম্ভাবনা নাকচ করেননি তিনি। কংগ্রেসের বর্তমান নেতৃত্বের ওপর অসন্তুষ্ট ডেমোক্র্যাটদের কাছে এমন প্রতিদ্বন্দ্বিতা আকর্ষণীয় হয়ে উঠতে পারে।ওকাসিও-কর্টেজ জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করবেন তিনি। গত সপ্তাহে মধ্যবর্তী নির্বাচন ঘিরে তাঁর প্রচার কার্যক্রম, সমর্থিত প্রার্থী এবং তহবিল সংগ্রহ নিয়ে সমর্থকদের পাঠানো একটি স্মারকলিপিতেও তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে।স্মারকলিপিতে বলা হয়েছে, সমর্থকদের কাছে জানতে চাওয়া হতে পারে, তাঁরা ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট নির্বাচন, নিউইয়র্কের সিনেট নির্বাচন, নাকি প্রতিনিধি পরিষদে দেখতে চান। একই সঙ্গে বলা হয়েছে, তিনি সব সময়ের মতো সর্বাধিকসংখ্যক মানুষের সর্বাধিক কল্যাণে কাজ করার পথ খুঁজে যাবেন।ঘরে ঘরে সমর্থন গড়ার কৌশল২০২৮ সালের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থিতা ঘিরে প্রতিযোগিতা বেশ জমজমাট হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার প্রগতিশীল কংগ্রেস সদস্য রো খান্নাকেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী করতে তাঁর সমর্থকেরা উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে ‘রেডি ফর এওসি’র আদলে একটি সংগঠনও গড়ে তুলেছেন তাঁরা।রবি সাহাই জানান, ‘রেডি ফর এওসি’ ২০০৮ সালে বারাক ওবামার নির্বাচনি প্রচার এবং ২০২৫ সালে জোহরান মামদানির প্রচারে ব্যবহৃত জনসম্পৃক্ততার কৌশল থেকে অনুপ্রাণিত। এই কৌশলে স্বেচ্ছাসেবীরা নিজেদের বাড়িতে ১০ থেকে ২০ জন বন্ধুকে নিয়ে বৈঠকের আয়োজন করেন। সেখানে ওকাসিও-কর্টেজের সম্ভাব্য প্রার্থিতার পক্ষে প্রচারকৌশল তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারীদের মূল্যবোধ ও রাজনৈতিক লক্ষ্য নিয়ে আলোচনা হয়। এভাবে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সমর্থক বাড়ানোই তাঁদের উদ্দেশ্য।আটলান্টার প্রগতিশীল রাজনৈতিক সংগঠক ক্যাট লেদারউড জানান, অক্টোবরের শুরুতে তিনি এ ধরনের একটি ঘরোয়া বৈঠকের আয়োজন করেছিলেন। বৈঠক শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ওকাসিও-কর্টেজ ও ডেমোক্র্যাটিক সোশ্যালিজম নিয়ে নতুন উদ্দীপনা তৈরি হয়।ক্যাট লেদারউডের মতে, ওকাসিও-কর্টেজ প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মানদণ্ড ও পরিবেশ তৈরি করতে পারে। তাঁর ভাষায়, এমন উদ্যোগ মানুষকে আরও বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে।সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস