ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
দ্বিতীয় বিয়ে নিয়ে কলহ, আশুলিয়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

দ্বিতীয় বিয়ে নিয়ে কলহ, আশুলিয়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় দ্বিতীয় বিয়ে নিয়ে দাম্পত্য কলহের জেরে স্বামী মো. হারুনকে (৩২) হত্যার অভিযোগে তাঁর স্ত্রী মোসা. রত্নাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।সোমবার (৯ নভেম্বর) উত্তরা পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির পুলিশ সুপার এম এন মোর্শেদ।পিবিআই জানায়, গত ৩ নভেম্বর আশুলিয়া থানার মরিচকাটা এলাকায় জাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। কক্ষটি তালাবদ্ধ থাকায় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ তালা খুলে শয়নকক্ষ থেকে হারুনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় নিহতের বড় বোন সাজেদা বেগম বাদী হয়ে হারুনের স্ত্রী রত্নাকে এজাহারনামীয় আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।মামলাটির তদন্ত পিবিআইয়ের কাছে যাওয়ার পর গত ৭ নভেম্বর সংস্থাটি স্বউদ্যোগে ছায়া তদন্ত শুরু করে। এর আগে ৬ নভেম্বর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বাড়াইপাড়া এলাকা থেকে রত্নাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে হারুনের ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, দ্বিতীয় বিয়ে করাকে কেন্দ্র করে হারুন ও রত্নার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জেরে গত ৩১ অক্টোবর রাতে তাঁদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়।পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, পরদিন ১ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে হারুন ঘুমিয়ে থাকা অবস্থায় রত্না শিল দিয়ে তাঁর মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়। হত্যার পর কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান রত্না।পিবিআই আরও জানায়, গ্রেপ্তারের পর রত্না আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।