ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
গাজায় হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের ভূমিকা, নিজেকেও দায়ী মনে হয়: টলারিকো

গাজায় হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের ভূমিকা, নিজেকেও দায়ী মনে হয়: টলারিকো

গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন টেক্সাস থেকে নবনির্বাচিত মার্কিন সিনেটর জেমস টলারিকো। তিনি বলেছেন, গাজায় চলমান হত্যাযজ্ঞ একজন শিক্ষক, খ্রিষ্টান ও মানুষ হিসেবে তাঁকে গভীরভাবে ব্যথিত করে। একই সঙ্গে এই হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কারণে নিজেকেও দায়মুক্ত মনে করতে পারেন না তিনি। তাঁর মতে, প্রত্যেক মার্কিন নাগরিকেরই এ বিষয়ে বিবেকের তাড়না অনুভব করা উচিত।সম্প্রতি অভিনেত্রী ও কৌতুকশিল্পী ইলানা গ্লেজারের উপস্থাপনায় ‘ইটস ওপেন উইথ ইলানা গ্লেজার’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন টলারিকো। ইসরাইলপন্থী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী লবিগোষ্ঠী আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপ্যাক) সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, এ সংগঠন থেকে কখনো অর্থ নেননি। নির্বাচনী প্রচারেও তাদের কোনো আর্থিক সহায়তা গ্রহণ করেননি।গাজায় মানবিক বিপর্যয় নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে টলারিকো বলেন, সেখানকার পরিস্থিতি তাঁকে শারীরিকভাবেও অসুস্থ বোধ করায়। একজন শিক্ষক, খ্রিষ্টান ও মানুষ হিসেবে এই পরিস্থিতি তাঁর বিবেককে নাড়া দেয়। গাজায় হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে নিজেকেও এর সঙ্গে সম্পৃক্ত মনে করেন তিনি।টলারিকোর ভাষায়, গাজার ক্ষুধার্ত শিশুদের দুর্দশার মধ্য দিয়ে সৃষ্টিকর্তা যেন পুরো বিশ্বকে বিবেকের মুখোমুখি দাঁড় করাচ্ছেন।তিনি আরও বলেন, সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণের পর গাজায় নৃশংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও আর্থিক প্রভাব কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবেন। ইসরাইলে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধের পক্ষেও অবস্থান তাঁর। তাঁর মতে, মৃত্যু ও ধ্বংসযজ্ঞ থামাতে যুক্তরাষ্ট্রের নৈতিক দায়িত্ব রয়েছে। এ ক্ষেত্রে দেশটির কার্যকর ভূমিকা রাখার সক্ষমতাও আছে। তাই মার্কিন নেতাদের এখনই নিজেদের নৈতিক অবস্থান স্পষ্ট করা প্রয়োজন।নেতানিয়াহুর নীতির সমালোচনা, ইসরাইলের নিরাপত্তার পক্ষেও টলারিকোগাজা পরিস্থিতি নিয়ে টলারিকোর অবস্থান শুধু পডকাস্টের সাক্ষাৎকারেই সীমাবদ্ধ নয়। সিএনএন ও জুবিলির যৌথ আয়োজনে একটি টাউন হল আলোচনাতেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেন তিনি।ওই আলোচনায় এক রাব্বির প্রশ্নের জবাবে টলারিকো স্পষ্ট করেন, তাঁর সমালোচনা ইসরাইলের জনগণের বিরুদ্ধে নয়, বরং নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে। ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মনে করেন তিনি। তবে সেই অধিকারের নামে বেসামরিক মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া, সামষ্টিক শাস্তি প্রয়োগ কিংবা মানবিক সহায়তা আটকে রাখার কোনো অধিকার নেতানিয়াহুর নেই।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলি ও অন্যান্য মানুষের প্রাণহানির বিষয়টিও স্বীকার করেন তিনি। একই সঙ্গে ইসরাইলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে মত দেন।টলারিকোর আশা, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও রক্তপাতের অবসান ঘটিয়ে ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।শিক্ষকতা থেকে সিনেটর হওয়ার যাত্রা৩৭ বছর বয়সী জেমস টলারিকো যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলের একজন রাজনীতিক। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে তিনি মধ্যবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে শিক্ষা নিয়ে কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন। ২০১৮ সালে টেক্সাসের অঙ্গরাজ্য আইনসভার প্রতিনিধি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর টানা চার মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি।টলারিকো অস্টিন প্রেসবিটেরিয়ান থিওলজিক্যাল সেমিনারিতে ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশোনা করেছেন। খ্রিষ্টীয় মূল্যবোধ, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও শিক্ষার অধিকার নিয়ে তাঁর বক্তব্য তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। ধর্মীয় জাতীয়তাবাদেরও সমালোচক তিনি।গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে পরাজিত করেন টলারিকো। তাঁর এ বিজয়ের মধ্য দিয়ে ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো টেক্সাস থেকে কোনো ডেমোক্র্যাট মার্কিন সিনেটর নির্বাচিত হলেন।তাঁর এই জয়কে টেক্সাসের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। আগামী জানুয়ারিতে সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে তাঁর।সূত্র: সিএনএন, দ্য টেক্সাস ট্রিবিউন ও দ্য গার্ডিয়ান।