অস্ট্রেলিয়ার ক্রিকেটে শেষ হলো এক বর্ণাঢ্য অধ্যায়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পাশাপাশি প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।অস্ট্রেলিয়ার জার্সিতে তিন ফরম্যাটেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ম্যাক্সওয়েল। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং প্রতিপক্ষের বোলারদের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর স্পিন বোলিংয়েও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের বিষয়ে ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে ম্যাক্সওয়েল জানান, দলের ব্যবস্থাপনার সঙ্গে আলোচনা এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি জাতীয় দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে তাঁর সিদ্ধান্তে।চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই ছিল অস্ট্রেলিয়ার হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। এর আগে গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যাক্সওয়েলের পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ। টি-টোয়েন্টিতে ১৩০ ম্যাচ খেলে ২ হাজার ৮৯৭ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৫১টি উইকেট। এই ফরম্যাটে তাঁর রয়েছে পাঁচটি সেঞ্চুরি, যা ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্ব রেকর্ড।ওয়ানডে ক্রিকেটে ১৪৯ ম্যাচে তাঁর সংগ্রহ ৩ হাজার ৯৯০ রান। পাশাপাশি শিকার করেছেন ৭৯টি উইকেট। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২০১ রান। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ওই ইনিংসটি খেলেছিলেন তিনি। ইনজুরিতে আক্রান্ত অবস্থায় খেলা সেই ইনিংস ওয়ানডে ক্রিকেটের অন্যতম স্মরণীয় পারফরম্যান্স হয়ে থাকবে।টেস্ট ক্রিকেটে অবশ্য তাঁর উপস্থিতি ছিল তুলনামূলক সীমিত। ২০১৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে সাতটি টেস্ট খেলেছেন ম্যাক্সওয়েল। করেছেন ৩৩৯ রান। এর মধ্যে ভারতের বিপক্ষে রাঁচিতে তাঁর ব্যাট থেকে এসেছিল ১০৪ রানের একটি সেঞ্চুরি।আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনই ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন না ম্যাক্সওয়েল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁকে দেখা যাবে আগের মতোই। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের সঙ্গে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর। ফলে আগামী দিনগুলোতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে দর্শকদের মাতানোর সুযোগ থাকছে এই তারকা অলরাউন্ডারের।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।