ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
গুগলে নিজের বয়স ৩৩ দেখে বিস্মিত অভিনেত্রী সাদিয়া আয়মান

গুগলে নিজের বয়স ৩৩ দেখে বিস্মিত অভিনেত্রী সাদিয়া আয়মান

গুগলে নিজের বয়স নিয়ে ভুল তথ্য দেখে বিব্রত ও বিস্মিত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সার্চ ইঞ্জিনটিতে তাঁর বয়স ৩৩ বছর উল্লেখ করা হয়েছে। এ তথ্য সংশোধনের উপায় জানতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সহায়তা চেয়েছেন তিনি।তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে ও বয়স নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে অনলাইনে থাকা ভুল তথ্য অনেক সময় তাঁদের অস্বস্তিতে ফেলে। এবার এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে গুগলে থাকা প্রোফাইলের একটি স্ক্রিনশট প্রকাশ করেন এই অভিনেত্রী। সেখানে তাঁর বয়স ৩৩ বছর উল্লেখ করা হয়েছে। বিষয়টি দেখে বিস্ময় প্রকাশের পাশাপাশি মজার ছলে ভুল তথ্যটি সংশোধনের উপায় জানতে চান তিনি।পোস্টের ক্যাপশনে সাদিয়া লেখেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যে করেছে তার সাথে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, নাহয় তার সাথে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন, তারা আমাকে বলেন আমি কিভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্যটি ঠিক করতে পারবো?’নিজের বয়স ও জন্মসাল নিয়ে কখনোই লুকোচুরি করেননি বলে জানান সাদিয়া। তাঁর ভাষ্য, ‘আমি সর্বদা আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ই মার্চ আমি সত্যি সত্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিল।’নিজের বয়সের বিষয়ে আরও স্পষ্ট করে অভিনেত্রী জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট ও শিক্ষাগত সনদ অনুযায়ী তাঁর বয়স এখন ২৬ বছর। এ প্রসঙ্গে তিনি বলেন, বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।ছোট পর্দায় সাবলীল অভিনয় ও মিষ্টি হাসির মাধ্যমে অল্প সময়েই দর্শকদের নজর কেড়েছেন সাদিয়া আয়মান। অনলাইন মাধ্যমে তারকাদের ব্যক্তিগত তথ্য ভুলভাবে উপস্থাপিত হওয়ার ঘটনা নতুন নয়। তবে গুগলে নিজের বয়স নিয়ে এমন অসংগতি দেখে এবার সরাসরি ভক্তদের সহযোগিতা চেয়েছেন এই অভিনেত্রী। এখন দেখার বিষয়, তাঁদের সহায়তায় ভুল তথ্যটি সংশোধন করতে পারেন কি না তিনি।