ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
শতভাগ পাসের প্রতিযোগিতায় ঝরে পড়ছে শিক্ষার্থীরা, দায় নেবে কে?

শতভাগ পাসের প্রতিযোগিতায় ঝরে পড়ছে শিক্ষার্থীরা, দায় নেবে কে?

শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শতভাগ দেখানোর প্রতিযোগিতায় প্রতিবছর ঝরে পড়ছে অসংখ্য শিক্ষার্থী। টেস্ট পরীক্ষায় অকৃতকার্য দেখিয়ে অনেক শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে অনিশ্চিত হয়ে পড়ছে তাদের ভবিষ্যৎ।দেশের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই কমবেশি এমন চিত্র দেখা যায়। অভিযোগ অনুযায়ী, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পরীক্ষার ফল ভালো দেখানো এবং প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখার উদ্দেশ্যে টেস্ট পরীক্ষায় দুর্বল শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে অকৃতকার্য করেন। পরে শুধু ভালো ফল করার সম্ভাবনা রয়েছে, এমন শিক্ষার্থীদের মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।প্রশ্ন উঠেছে, প্রতিষ্ঠানের পাসের হার বাড়ানোর জন্য একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন থামিয়ে দেওয়া কতটা যৌক্তিক? টেস্ট পরীক্ষা ও চূড়ান্ত পরীক্ষার মধ্যবর্তী সময়টুকু কি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রস্তুত করার কাজে ব্যবহার করা যায় না?শিক্ষাসংশ্লিষ্টদের মতে, শিক্ষকদের আন্তরিকতা ও বাড়তি উদ্যোগ থাকলে এই সময়ের মধ্যে দুর্বল শিক্ষার্থীদের অনেক ঘাটতি পূরণ করা সম্ভব। বিশেষ ক্লাস, অতিরিক্ত পাঠদান, নিয়মিত অনুশীলন এবং ব্যক্তিগত দিকনির্দেশনার মাধ্যমে তাদের চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করা যেতে পারে। এতে টেস্ট পরীক্ষায় খারাপ ফল করা অনেক শিক্ষার্থীরও মূল পরীক্ষায় ভালো করার সুযোগ তৈরি হতে পারে।একজন শিক্ষকের দায়িত্ব শুধু মেধাবী শিক্ষার্থীদের ভালো ফল করানো নয়; বরং পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরও এগিয়ে নেওয়া। অথচ শতভাগ পাসের প্রতিযোগিতায় অনেক ক্ষেত্রে সেই দায়িত্বশীলতার পরিবর্তে শিক্ষার্থী বাছাইয়ের প্রবণতা দেখা যাচ্ছে।এর প্রভাব শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ থাকে না। টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হয়ে মূল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পেলে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে। তাদের আত্মবিশ্বাস কমে যায়, পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে যায়। একপর্যায়ে কেউ জীবিকার প্রয়োজনে বিভিন্ন পেশায় যুক্ত হয়। আবার অনেক মেয়ের ক্ষেত্রে অল্প বয়সে বিয়ের ব্যবস্থা করা হয়।এভাবে একটি পরীক্ষার ফলাফল কখনো কখনো একজন শিক্ষার্থীর স্বপ্ন, সম্ভাবনা ও সুন্দর ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়ায়। অথচ যথাযথ সহযোগিতা ও পরিচর্যা পেলে এসব শিক্ষার্থীর অনেকেই আবার পড়াশোনায় ফিরতে পারত এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারত।একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষায় শতভাগ পাসের পরিসংখ্যান দিয়ে বিচার করা উচিত নয়। বরং কতজন শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করা গেল, কতজন পিছিয়ে পড়া শিক্ষার্থীকে এগিয়ে নেওয়া গেল এবং কতজনকে যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব হলো—সেটিই হওয়া উচিত সাফল্যের প্রকৃত মানদণ্ড।তাই টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত না করে তাদের জন্য বিশেষ প্রস্তুতি ও সহযোগিতার ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি এ ধরনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন। কোনো প্রতিষ্ঠানের পাসের হার কিংবা সুনাম রক্ষার নামে যেন একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নষ্ট না হয়, তা নিশ্চিত করতে হবে।