ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে: নাহিদ ইসলাম

দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে: নাহিদ ইসলাম

দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার মিন্টো রোডের বাসভবনে ১১ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।বিএনপির অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার পালাবদলের সময় বিএনপি বিভিন্ন সময়ে নিজেদের হাতে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছে। এর ফলে দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন।রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের পক্ষ থেকে অভিন্ন প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘১১ দল ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে। তাদের একজন অভিন্ন প্রার্থী থাকবেন। সেই প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে।’সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ১১ দল প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই তাঁকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে জুলাই সনদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি জানিয়ে আসছে। কিন্তু তাঁকে আরও ছয় মাস পদে রাখা হয়েছে।নাহিদ ইসলাম বলেন, সাবেক রাষ্ট্রপতিকে কোনো ধরনের বিচারের আওতায় না এনে ‘ফ্রি এক্সিট’ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন তাঁর মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হলো এবং এর পেছনে কোনো রাজনৈতিক পরিকল্পনা রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।