ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
দিল্লির নিরাপদ সরকারি বাংলোতে আছেন শেখ হাসিনা, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

দিল্লির নিরাপদ সরকারি বাংলোতে আছেন শেখ হাসিনা, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। বর্তমানে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লির একটি নিরাপদ সরকারি বাসভবনে রয়েছেন। তবে নিরাপত্তার স্বার্থে তাঁর সুনির্দিষ্ট ঠিকানা প্রকাশ করা হয়নি।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজে উত্তর প্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান শেখ হাসিনা। পরে তাঁকে সেখান থেকে দিল্লিতে নেওয়া হয়।এরপর ২০২৪ সালের অক্টোবরে বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দিল্লির লুটিয়েন্স বাংলো জোনের একটি সরকারি বাংলোয় অবস্থান করছেন তিনি। এলাকাটি ভারতের অন্যতম উচ্চনিরাপত্তাবেষ্টিত অঞ্চল। সেখানে দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের বাসভবন রয়েছে।বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত প্রকাশ করা না হলেও তাঁর বাসভবনে সার্বক্ষণিক নিরাপত্তারক্ষীরা দায়িত্ব পালন করছেন। তাঁদের অনেকেই সাধারণ পোশাকে থাকেন।ভারতে অবস্থান করলেও আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ অব্যাহত রেখেছেন শেখ হাসিনা। বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া, বিবৃতি প্রকাশ এবং দূর থেকে রাজনৈতিক অনুষ্ঠানে যুক্ত হওয়ার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরছেন তিনি।চলতি বছরের জুনে এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, এ বছরই বাংলাদেশে ফিরবেন তিনি। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগকে শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি শক্তি হিসেবেও উল্লেখ করেন।পরে গত সেপ্টেম্বরে এনডিটিভিকে দেওয়া আরেকটি টেলিফোন সাক্ষাৎকারে বাংলাদেশের আদালতে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন শেখ হাসিনা। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্গঠনে কেন্দ্রীয় ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন তিনি।এর আগে গত আগস্টে নয়াদিল্লিতে সাউথ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে অডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ও দূর থেকে যুক্ত হয়েছিলেন।