মদিনা থেকে ঢাকায় এসে তিন ঘণ্টা অপেক্ষা, জমজমের পানি পাননি যাত্রীরা
মদিনা থেকে বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটে
ঢাকায় আসা যাত্রীরা জমজমের
পানির লাগেজ না পেয়ে ভোগান্তিতে
পড়েছেন। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা
করেও পানির লাগেজ না পাওয়ায় ক্ষোভ
প্রকাশ করেছেন তাঁরা। এ ঘটনায় জামায়াতে
ইসলামীর চার সংসদ সদস্য
বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়ে চার দিনের
মধ্যে হয়রানির কারণ জানতে চেয়েছেন।অভিযোগকারী সংসদ সদস্যরা হলেন
শেরপুর-১ আসনের মো.
রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের
মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন
এবং খুলনা-২ আসনের জাহাঙ্গীর
হুসাইন।লিখিত অভিযোগে বলা হয়, বিজি-৩৩৮ ফ্লাইটে মদিনা
থেকে ঢাকায় আসা যাত্রীদের অধিকাংশই
ট্যাগযুক্ত জমজমের পানির লাগেজ পাননি। তাঁদের মধ্যে ৩৪ জন সংসদ
সদস্যও ছিলেন। ঢাকায় অবতরণের পর প্রায় তিন
ঘণ্টা পার হলেও পানির
লাগেজ সরবরাহ করা হয়নি। এ
সময় যাত্রীদের ভোগান্তি নিরসনে বিমানের পক্ষ থেকে যৌক্তিক
কারণ ব্যাখ্যা করার উদ্যোগও নেওয়া
হয়নি বলে অভিযোগ করা
হয়।সংসদ সদস্য মোহাম্মদ
কামাল হোসেন বলেন, ৩৪ জন সংসদ
সদস্য তাঁদের পরিবারের সদস্যসহ মোট ৭৪ জন
এবং অন্য সাধারণ যাত্রীরা
বৃহস্পতিবার সকাল নয়টার দিকে
ঢাকার বিমানবন্দরে পৌঁছান। ইমিগ্রেশন শেষে লাগেজ সংগ্রহ
করতে গিয়ে প্রথমেই ট্রলির
সংকটে পড়েন অনেকে। একই
সময়ে দুই-তিনটি ফ্লাইটের
যাত্রীরা নামলেও পর্যাপ্ত ট্রলি ছিল না। যেসব
ট্রলি পাওয়া গেছে, সেগুলোর অনেকগুলোই পুরোনো ছিল বলে অভিযোগ
করেন তিনি।কামাল হোসেন আরও বলেন, সাধারণ
নিয়ম অনুযায়ী মূল লাগেজের সঙ্গে
জমজমের পানির লাগেজও পাওয়ার কথা। কিন্তু পানির
জন্য অপেক্ষা করতে করতে প্রায়
আড়াই ঘণ্টা পেরিয়ে যায়। পরে বিমানের
স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি
খোঁজ নিয়ে জানান, পানির
লাগেজ বিমানে লোড করা হয়নি
এবং এ বিষয়ে ব্যবস্থা
নেওয়া হচ্ছে। যাত্রীদের কাছে ট্যাগ থাকা
সত্ত্বেও তাঁরা পানি পাননি।
তিনি জানান, পরে
লিখিত অভিযোগ দিয়ে প্রায় তিন
ঘণ্টা পর তাঁরা বিমানবন্দর
ত্যাগ করেন। বিমান কর্তৃপক্ষ জমজমের পানি বাসায় পৌঁছে
দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে জনপ্রতিনিধি হিসেবে
তাঁরা এ ধরনের ভোগান্তির
কারণ জানতে চেয়েছেন। প্রয়োজনে বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হবে বলে
জানান তিনি।