কক্সবাজার বিমানবন্দর থেকে চলতি নভেম্বর মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিক পর্যায়ে ঢাকা-কক্সবাজার-মাসকাট রুটে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অন্যদিকে, কক্সবাজার-পেনাং রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে মালয়েশিয়ার এয়ারলাইনস এয়ারএশিয়ার।
এ
উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি পর্যটকদের
সরাসরি কক্সবাজারে আসার সুযোগ তৈরি
হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য
ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে আকাশপথে যোগাযোগ বাড়বে। পর্যটন, হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহন খাতেও
নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি হতে পারে।
তবে নিয়মিত ফ্লাইট পরিচালনা, সাশ্রয়ী ভাড়া এবং মানসম্মত
যাত্রীসেবা নিশ্চিত করাই হবে বড়
চ্যালেঞ্জ।
বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম
রশিদুজ্জামান মিল্লাত সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দিয়ে সরকারের
এ উদ্যোগের কথা জানিয়েছেন।
গত
১২ অক্টোবর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে
অনুষ্ঠিত এক সভায় কক্সবাজার
থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে
বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব
করেন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সেখানে জানানো হয়, কক্সবাজার বিমানবন্দরকে
দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরটির আন্তর্জাতিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলেও সভায় জানানো
হয়।
বিমানবন্দরে
আন্তর্জাতিক কার্যক্রম শুরুর জন্য নতুন যাত্রী
টার্মিনাল ভবন নির্মাণ করা
হয়েছে। রানওয়ে মেরামতের কাজও শেষ হয়েছে।
আন্তর্জাতিক যাত্রীসেবা দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর
জন্য অফিসের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার
জন্য বিমানবন্দরটি প্রস্তুত।
বেবিচকের
সদস্য (এটিএম) মো. নূর-ই
আলম আমার দেশকে বলেন,
কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট
পরিচালনার সব প্রস্তুতি শেষ
হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন। তিনি সময় দিলেই
কার্যক্রম শুরু হবে।
প্রথম
ধাপে
মাসকাট ও পেনাং
১২
অক্টোবরের সভায় বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী
কর্মকর্তা জানান, নভেম্বর থেকে ঢাকা-কক্সবাজার-মাসকাট এবং মাসকাট-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট
পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে একটি ফ্লাইট চালুর
উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কক্সবাজার থেকেই
মধ্যপ্রাচ্যে যাতায়াতের সুযোগ তৈরি হবে।
অন্যদিকে,
এয়ারএশিয়া কক্সবাজার-পেনাং এবং পেনাং-কক্সবাজার
রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে। এর
ফলে মালয়েশিয়ার পেনাংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি আকাশ যোগাযোগ প্রতিষ্ঠিত
হতে পারে।
দুবাই,
ব্যাংকক ও ফুকেটেও আগ্রহ
কক্সবাজার
থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে আরও কয়েকটি এয়ারলাইনস।
ফ্লাই দুবাইয়ের প্রতিনিধি সভায় জানান, দুবাই-ব্যাংকক-কক্সবাজার এবং কক্সবাজার-ব্যাংকক-দুবাই রুটে ফ্লাইট চালানোর
পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তী সময়ে কক্সবাজার-ফুকেট
ও ফুকেট-কক্সবাজার রুটেও ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে সংস্থাটি।
এয়ার
অ্যাস্ট্রা কক্সবাজার থেকে ভারতের বিভিন্ন
গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে। তবে
এ বিষয়ে আরও পর্যালোচনার প্রয়োজন
বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
পর্যটকদের জন্য
বিশেষ
প্যাকেজের প্রস্তাব
কক্সবাজার
থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে এয়ারপোর্ট অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির
প্রতিনিধি সভায় বলেন, দেশি-বিদেশি পর্যটক ও এয়ারলাইনসকে আকৃষ্ট
করতে হোটেল ও বিমানভাড়ার সমন্বয়ে
বিশেষ প্যাকেজ, সুবিধা ও ছাড় দেওয়া
প্রয়োজন। এতে যাত্রীর সংখ্যা
বাড়তে পারে। সভায় উপস্থিত অন্য
এয়ারলাইনসের প্রতিনিধিরাও এ প্রস্তাবের সঙ্গে
একমত হন।
সভায়
সিদ্ধান্ত হয়, কক্সবাজারের পর্যটন
সম্ভাবনা কাজে লাগিয়ে আন্তর্জাতিক
ফ্লাইট পরিচালনায় এয়ারলাইনসগুলোকে আকৃষ্ট করতে একটি ধারণাপত্র
তৈরি করা হবে। এতে
সম্ভাব্য পর্যটক চাহিদা, সমন্বিত পর্যটন প্যাকেজ এবং বিমান চলাচল
ও পর্যটন খাতের উন্নয়ন কৌশল পর্যালোচনা করা
হবে। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি ও পরিকল্পনা দ্রুত
মন্ত্রণালয়কে জানাতে এয়ারলাইনসগুলোকে বলা হয়েছে।
পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে সম্ভাবনা
কক্সবাজার
বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট
চালু হলে বিদেশি পর্যটকদের
সরাসরি যাতায়াত সহজ হবে। বিশেষ
করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব
এশিয়ার সঙ্গে আকাশ যোগাযোগ বাড়লে
পর্যটকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও উপকৃত হতে পারেন।
এর
প্রভাব পড়তে পারে পর্যটনকেন্দ্রিক
হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহন ব্যবসায়।
নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ
তৈরির পাশাপাশি স্থানীয় অর্থনীতিও গতিশীল হতে পারে।
তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু করাই শেষ কথা নয়। যাত্রী চাহিদা অনুযায়ী রুট নির্ধারণ, নিয়মিত ফ্লাইট পরিচালনা, প্রতিযোগিতামূলক ভাড়া এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করা জরুরি। এসব ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে কক্সবাজার দেশের পর্যটন ও আন্তর্জাতিক বিমান যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।