জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও উপকূলীয় অঞ্চলের সহনশীলতা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ। এ অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে ব্যয় করা হবে।
শুক্রবার
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ
প্রতিনিধিদলের আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে
এ তথ্য জানান পরিবেশ,
বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী
আবদুল আউয়াল মিন্টু।
স্থানীয়
সময় বিকেল ৩টায় সম্মেলনের ব্লু
জোনের জোন ডি-৩-এর প্রেস কনফারেন্স
রুম-১-এ এ
ব্রিফিং অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন
ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়
যৌথভাবে এর আয়োজন করে।
পরিবেশমন্ত্রী
জানান, প্রাথমিকভাবে সিআইএফের অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি
দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ অর্থ গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে।
ব্রিফিংয়ে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম,
পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম,
সংসদ সদস্য মানসুরা আক্তার এবং অতিরিক্ত সচিব
মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন।
আবদুল
আউয়াল মিন্টু বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম।
অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি
বাংলাদেশ। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও তাপপ্রবাহ দেশের
মানুষের জীবন-জীবিকা, কৃষি,
অবকাঠামো এবং উন্নয়ন অর্জনকে
হুমকির মুখে ফেলছে।
বিশ্ব
আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের হালনাগাদ
তথ্য তুলে ধরে তিনি
বলেন, চলতি বছরের জানুয়ারি
থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭
ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পরিকল্পনা
পরিবেশমন্ত্রী
বলেন, সীমিত সম্পদ নিয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। দেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী,
২০৩৫ সালের মধ্যে প্রচলিত কার্যক্রম অব্যাহত থাকার পরিস্থিতির তুলনায় নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯
শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা
পেলে অতিরিক্ত ১৩ দশমিক ৯২
শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ
লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম
সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা এবং স্থানীয়
জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অভিযোজন কার্যক্রম
পরিচালনা করা হচ্ছে।
উন্নত দেশগুলোর অর্থায়ন চায় বাংলাদেশ
জলবায়ু
অর্থায়নের বিষয়ে আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। স্বল্পোন্নত
দেশগুলোর জোট ২০৩৫ সালের
আগেই অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়িয়ে
বছরে ১২০ বিলিয়ন মার্কিন
ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে।
বাংলাদেশ এ দাবিকে সমর্থন
করে।
একই
সঙ্গে গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অ্যাডাপটেশন ফান্ড
থেকে অর্থ পাওয়ার প্রক্রিয়া
সহজ করার আহ্বান জানান
তিনি। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সরাসরি ও
অনুদানভিত্তিক অর্থায়নের সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।
তিনি
বলেন, জলবায়ু অভিযোজনের পরিকল্পনা শুধু কাগজে-কলমে
সীমাবদ্ধ রাখলে চলবে না। জাতীয়
অভিযোজন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগোষ্ঠীনির্ভর উদ্যোগ বাড়াতে হবে। বৈশ্বিক অভিযোজন
লক্ষ্য অর্জনে বেলেম অভিযোজন সূচক ও বেলেম-আদ্দিস ভিশন কার্যকর করার
প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন
তিনি। এ জন্য আন্তর্জাতিক
অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধিতে
সহযোগিতা প্রয়োজন।
ক্ষয়ক্ষতি মোকাবিলায় তহবিল বাড়ানোর আহ্বান
জলবায়ু
পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি প্রসঙ্গে পরিবেশমন্ত্রী বলেন, এটি আর ভবিষ্যতের
আশঙ্কা নয়, বরং বর্তমান
বাস্তবতা। ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত ফান্ড ফর
রেসপন্ডিং টু লস অ্যান্ড
ড্যামেজে জমা পড়া প্রকল্প
প্রস্তাবের তুলনায় তহবিলের অর্থ অপর্যাপ্ত।
এ
পরিস্থিতিতে উন্নত দেশগুলোর অবদান বাড়ানো, অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা এবং
দ্রুত অর্থ ছাড়ের ব্যবস্থা
করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অর্থনৈতিক
ও অ-অর্থনৈতিক ক্ষতি
মোকাবিলায় কার্যকর সহায়তা নিশ্চিত করার কথা বলেন।
বৈশ্বিক
তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫
ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে প্রশমন কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেন
আবদুল আউয়াল মিন্টু। বাংলাদেশ ২০২৬ সালের পরও
প্রশমন কর্মসূচি অব্যাহত রেখে ২০৩০ সাল
পর্যন্ত কার্যকর রাখার পক্ষে বলে জানান তিনি।
এ জন্য উন্নয়নশীল দেশগুলোর
পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির
সহায়তা প্রয়োজন।
ন্যায্য রূপান্তরের ওপর গুরুত্ব
জলবায়ুবান্ধব
অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থায়
রূপান্তরের ক্ষেত্রে শ্রমিক, কৃষক, নারী, তরুণ, অনানুষ্ঠানিক খাতের কর্মী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর
স্বার্থ সুরক্ষার আহ্বান জানান পরিবেশমন্ত্রী।
তিনি
বলেন, শোভন কর্মসংস্থান সৃষ্টি,
দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং পরিচ্ছন্ন প্রযুক্তিতে
প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক
ও ন্যায়সংগত রূপান্তর বাস্তবায়ন করতে হবে।
কপ৩১-এর চলমান আলোচনা
প্রসঙ্গে তিনি বলেন, সম্মেলনের
প্রথম চার দিনে বেশ
কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হলেও কিছু বিষয়ে
এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭
ও চীন এবং অন্যান্য
সহযোগী দেশের সঙ্গে সমন্বয় করে উচ্চাভিলাষী, ন্যায়সংগত
ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে।
আবদুল
আউয়াল মিন্টু আশা প্রকাশ করেন,
কপ৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল শক্তিশালী করা, প্রশমন কর্মসূচি
অব্যাহত রাখা, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায্য রূপান্তরের
বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে।
সংবাদ
ব্রিফিংয়ের শুরুতে সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকার
ও জনগণকে ধন্যবাদ জানান পরিবেশমন্ত্রী। পাশাপাশি সম্মেলনের সভাপতিত্বকারী কর্তৃপক্ষ এবং আলোচনা প্রক্রিয়ার
সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী অস্ট্রেলিয়ার উদ্যোগের প্রশংসা করেন তিনি।
এ সময় বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।