ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
মোদির পক্ষে ট্রাম্পের পোস্ট, মাসে ৭৫ হাজার ডলার পেত লবিং প্রতিষ্ঠান

মোদির পক্ষে ট্রাম্পের পোস্ট, মাসে ৭৫ হাজার ডলার পেত লবিং প্রতিষ্ঠান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের পেছনে কাজ করেছে যুক্তরাষ্ট্রের লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স। এ কাজের জন্য প্রতিষ্ঠানটি মাসে ৭৫ হাজার ডলার পারিশ্রমিক পেত। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফারা) আওতায় জমা দেওয়া নথিতে এ তথ্য উঠে এসেছে।গত জুনে ভারতের দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েন নরেন্দ্র মোদি। এ উপলক্ষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মোদিকে নিয়ে একটি পোস্ট দেন ট্রাম্প। ওই পোস্ট প্রকাশের আয়োজন করেছিল মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স।দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মোদি সরকার মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সকে নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের সাবেক যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা। এ ছাড়া ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ সুসি ওয়াইলস ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট হিসেবে কাজ করেছেন।ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের যোগাযোগ স্থাপনেও ভূমিকা রেখেছিল ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জেসন মিলারের প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি। প্রতিষ্ঠানটি ভারতের কেন্দ্রীয় সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি ফোনালাপের আয়োজন করে। গত মে ও জুন মাসে এসব আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মূল বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।২০২৫ সালের এপ্রিলে ভারতের সঙ্গে এসএইচডব্লিউ পার্টনার্সের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে মাসে এক লাখ ৫০ হাজার ডলার দেওয়ার কথা ছিল। তবে ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে যোগ দেওয়ার পর গত ২৩ জুন চুক্তিটি বাতিল করা হয়।যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, বিদেশি সরকারের পক্ষে দেশটিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় নিবন্ধন করতে হয়। একই সঙ্গে তাদের গ্রাহক, কার্যক্রম ও আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য নিয়মিত প্রকাশ করতে হয়।মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স ও এসএইচডব্লিউ পার্টনার্সের সাম্প্রতিক জমা দেওয়া নথিতে ভারতের পক্ষে যুক্তরাষ্ট্রে পরিচালিত লবিং কার্যক্রম এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বিবরণ উঠে এসেছে।সূত্র: দ্য ওয়্যার ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।