ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জনপ্রিয় মডেল ও ছোটপর্দার অভিনয়শিল্পী সামিরা খান মাহি। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ ঘোষণা করা হয়েছে।ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী হিসেবে মাহির নাম ঘোষণা করা হয়। এরপর বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।অনুষ্ঠানে মাহির পরনে ছিল ভারী পাথরের কাজ করা শ্যাম্পেন-গোল্ড রঙের মারমেইড স্টাইলের অফ-শোল্ডার গাউন।আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসর। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১১ নভেম্বর পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়বেন মাহি। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন তিনি।এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন।গত বছর মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের হয়ে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য পান তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে এটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি ‘পিপলস চয়েস’ বিভাগেও শীর্ষস্থান অর্জন করেছিলেন মিথিলা।আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে সামিরা খান মাহি জানান, বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর সবচেয়ে বড় সহযোগী হিসেবে পাশে রয়েছেন। পোশাক, সাজসজ্জা ও স্টাইলিংয়ের পাশাপাশি প্রতিযোগিতায় ভালো করার বিভিন্ন কৌশল শেখাতেও তাঁকে নিয়মিত সহযোগিতা করছেন মিথিলা।এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে নিজের প্রস্তুতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো ফল অর্জনের প্রত্যাশা করছেন মাহি।