ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির দাবি, আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের পদক্ষেপ বা আলোচনায় যাবে না তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নিলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সম্প্রতি এ অবস্থানের কথা জানান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে তাঁর বক্তব্য প্রকাশ করা হয়েছে।গালিবাফ বলেন, ইরানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দেশটির সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পদক্ষেপ নেওয়া কিংবা আলোচনায় বসার প্রশ্ন নেই।যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, শত্রুপক্ষের যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দিতে ইরান প্রস্তুত। যুক্তরাষ্ট্র কোনো ভুল হিসাব করলে সংঘাতের ভৌগোলিক পরিসরও পরিবর্তন করা হবে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক বক্তব্য ও হুমকির পরিপ্রেক্ষিতে গালিবাফ এসব মন্তব্য করেন। মার্কিন কর্মকর্তাদের বক্তব্যকে তিনি অর্থহীন মন্তব্য ও হুমকি বলে উল্লেখ করেন।আলোচনার আগে সাত শর্ত ইরানেরযুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য ইরান যে সাতটি শর্তের কথা জানিয়েছে, তার মধ্যে রয়েছে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল, জব্দ করা ইরানি অর্থ ছাড় এবং সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ করা। পাশাপাশি যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার দাবিও জানিয়েছে তেহরান।ইরানের বক্তব্য অনুযায়ী, এসব শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার কোনো সুযোগ নেই।ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞাএদিকে ইরানের আর্থিক নেটওয়ার্কের বিরুদ্ধে চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কার্যক্রম চলবে। ‘যতক্ষণ না আমরা সাপের মাথা পুঁতে ফেলতে পারছি’, ততক্ষণ এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।এর আগে গত সোমবার ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। এ নিষেধাজ্ঞার আওতায় দেশটির দুই ডজনের বেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, বিভিন্ন নামে পরিচালিত কোম্পানি এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইরানের বৈশ্বিক ছায়া ব্যাংকিং নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।নতুন নিষেধাজ্ঞা ও পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে আলোচনার বিষয়ে তেহরান এখনো তাদের সাত শর্তের অবস্থানেই অনড় রয়েছে।