ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
রাকসু নির্বাচনের দাবিতে কাল থেকে অবস্থান কর্মসূচি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাকসু নির্বাচনের দাবিতে কাল থেকে অবস্থান কর্মসূচি, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন এই সাবেক ছাত্রনেতা।সোমবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে রাবি সংস্কার আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সালাহউদ্দিন আম্মার।সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাকসু নির্বাচন আয়োজনের দাবিতে প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়েছে। পরে ছাত্রশিবির মানববন্ধন করেছে। এরপর প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় এবার অবস্থান কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আগামীকাল থেকে প্রশাসন ভবনের সামনে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। পরবর্তী ধাপে যাওয়ার প্রয়োজন হলে সেটিও করব।’আন্দোলনে অন্য ছাত্রসংগঠনগুলোর অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আজ আমাদের সঙ্গে মঞ্চ ২৪ একাত্মতা পোষণ করেছে। আমরা চাই, রাকসু চায় এমন প্রতিটি ক্রিয়াশীল সংগঠন আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করুক।’নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে রাকসুর সাবেক এই জিএস বলেন, ‘রাকসু নির্বাচন না হলে আমার লস নেই, আমার লাভ আছে। কারণ, যতদিন পর্যন্ত রাকসু নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত আমি বলতে পারব, রাকসুর সর্বশেষ সাধারণ সম্পাদক আমি ছিলাম। কিন্তু আমার নৈতিক দায়িত্ব থেকে আমি রাকসুর জন্য সংগ্রাম করে যাচ্ছি।’উল্লেখ্য, রাকসু নির্বাচন আয়োজনের দাবিতে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি ও আলটিমেটাম দেয় রাবি সংস্কার আন্দোলন। তবে এখন পর্যন্ত নির্বাচন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি।