ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
৫০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ

৫০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ

৯ টাকা ৩৭ পয়সা মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান করে ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল এবং দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন চা-শ্রমিকেরা।শুক্রবার চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া চা-বাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে চা-শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন।মুরইছড়া চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়কৃষানের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, সমন্বয়ক মনীষা ওয়াহিদ, শ্রমিকনেতা ভাগ্য, রাজু উরাং, মনি নায়েক ও মালতি রায় বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য সত্যজিৎ উরাং।বক্তারা বলেন, চা-শ্রমিকেরা দেশের সবচেয়ে অবহেলিত ও বঞ্চিত শ্রমজীবী জনগোষ্ঠীর একটি। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও তাঁরা মৌলিক নাগরিক অধিকার থেকে বঞ্চিত।তাঁরা আরও বলেন, প্রায় ১৮৫ বছর ধরে এ ভূখণ্ডে বসবাস করলেও চা-শ্রমিকদের বড় একটি অংশ এখনো ভূমিহীন। দেশের অন্যান্য শ্রমজীবী মানুষের তুলনায় তাঁরা সবচেয়ে কম মজুরিতে কাজ করছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন তাঁরা।সমাবেশ থেকে ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল করে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।সমাবেশ শেষে চা-শ্রমিকেরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মুরইছড়া চা-বাগানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।