এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে প্রথম অংশগ্রহণেই নতুন মাইলফলক গড়েছে বাংলাদেশ। পুরুষ দ্বৈত বিভাগের রাউন্ড অব ৩২-এর ম্যাচে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান।শুক্রবার ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে কাজাখস্তানের আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির মুখোমুখি হন বাংলাদেশের গৌরব-আয়মান। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখেন তারা।প্রথম গেমে প্রায় একতরফা আধিপত্য দেখান বাংলাদেশের দুই শাটলার। কাজাখস্তানের জুটিকে মাত্র ৮ পয়েন্টে আটকে রেখে ২১-৮ ব্যবধানে প্রথম গেম জিতে নেন গৌরব ও আয়মান।দ্বিতীয় গেমেও একই ছন্দ ধরে রাখেন বাংলাদেশের প্রতিনিধিরা। প্রতিপক্ষকে খুব একটা সুযোগ না দিয়ে ২১-১২ ব্যবধানে গেমটি জিতে নেন তারা। ফলে সরাসরি ২-০ গেমে ম্যাচ জিতে রাউন্ড অব ১৬-তে জায়গা করে নেন গৌরব-আয়মান। এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যাডমিন্টন যাত্রা এবারই প্রথম। অভিষেকেই পুরুষ দ্বৈত বিভাগে শেষ ষোলোতে উঠে গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান গড়লেন দেশের ব্যাডমিন্টনের জন্য উল্লেখযোগ্য এক মাইলফলক।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।