ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক নবকাল
Topic Ads 1
৬ ঘণ্টা পর সীতাকুণ্ডে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, ফুটওভারব্রিজ নির্মাণের আশ্বাস

৬ ঘণ্টা পর সীতাকুণ্ডে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, ফুটওভারব্রিজ নির্মাণের আশ্বাস

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থীদের টানা ছয় ঘণ্টার রেল ও সড়কপথ অবরোধ প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসকের হস্তক্ষেপ এবং শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসের পর গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এর আগে বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন এলাকায় অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় লোকাল বাস উল্টে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন তাঁরা। নিহত শিক্ষার্থীর নাম মাইশা মুশফিরাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ডালাস পেট্রোল পাম্পের বিপরীতে একটি লরির ধাক্কায় লোকাল বাসটি উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়েন কয়েকজন শিক্ষার্থী। গুরুতর আহত মাইশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে তাঁদের আন্দোলন রেলপথেও ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ট্রেন চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, সাধারণ মানুষ ও অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু থেকেই উদ্যোগ নেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আহত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নিহত মাইশার বাবা দিদারুল আলমের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তিনি। শোকাহত পরিবারের প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন।একই সঙ্গে শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন জেলা প্রশাসক। পরে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ও পুলিশ কর্মকর্তারা।এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা।মহাসড়কে অনুষ্ঠিত মাইশার জানাজায় অংশ নেন জেলা প্রশাসক। জানাজা শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের দাবিগুলো শোনেন তিনি।ফুটওভারব্রিজ নির্মাণের আশ্বাসশিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটওভারব্রিজ নির্মাণ। তাঁদের অভিযোগ, প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই এলাকা দিয়ে চলাচল করেন। কিন্তু নিরাপদে মহাসড়ক পারাপারের স্থায়ী ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।জেলা প্রশাসক বলেন, ‘আমি আজকেই ফুটওভারব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে জানাব, যাতে দ্রুততম সময়ের মধ্যে এখানে ওভারব্রিজ নির্মাণ করা যায়।’ এ ছাড়া মহাসড়কের দুই পাশে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।মহাসড়কে অবৈধ পার্কিং বন্ধের বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘এখানে কোনো ধরনের অবৈধ পার্কিং থাকবে না। কোনো শিল্পপ্রতিষ্ঠান যদি রাস্তা দখল করে লরি বা গাড়ি রাখে, সেগুলো আমরা রাস্তায় কিছুতেই রাখতে দেব না।’চালককে গ্রেপ্তার ও ক্ষতিপূরণের আশ্বাসদুর্ঘটনায় জড়িত লরিটি পুলিশ জব্দ করেছে বলে জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম। তবে ঘটনার পর চালক পালিয়ে গেছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি। চালককে দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে জেলা প্রশাসকও আশ্বাস দেন।শিক্ষার্থীদের উত্থাপিত আট দফা দাবির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে মামলা দায়ের, ২৪ ঘণ্টার মধ্যে লরিচালককে গ্রেপ্তার, চালক ও মালিকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা এবং নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া।এ ছাড়া মহাসড়কের দুই পাশে গতি নিরোধক স্থাপন, বিশ্ববিদ্যালয়ের উভয় পাশে ফুটওভারব্রিজ নির্মাণ, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ এবং মহাসড়ক ও রেললাইনের পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছয় ঘণ্টার অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

বরিশাল ডিসি কার্যালয়ে একই কাজে একাধিক বিল, পুরোনো যন্ত্রে নতুনের ভাউচার

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে গত অর্থবছরের জুন ক্লোজিংয়ের সময় ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি টাকার বেশি সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগের মধ্যে রয়েছেন কার্যালয়ের সাবেক জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভিন এবং কয়েকজন কর্মচারী।অভিযোগ অনুযায়ী, একই কাজের বিপরীতে একাধিকবার বিল তোলা, চেকের মাধ্যমে বিল পরিশোধের পর তা আবার তুলে নেওয়া, পুরোনো প্রিন্টার ও কম্পিউটার কিনে নতুন যন্ত্রপাতির বিল দেখানো এবং বিভিন্ন খাতে ভুয়া বিল-ভাউচার জমা দিয়ে অর্থ উত্তোলন করা হয়েছে। এসব কাজে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের বাংলোর সাবেক সিএ এবং সাবেক নাজিরের সহায়তা নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সবার বক্তব্য পাওয়া যায়নি। বর্তমান জেলা প্রশাসক মামুন খন্দকার জানিয়েছেন, তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সংস্কারকাজে দ্বিগুণ বিলের অভিযোগজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি ভবনের নিচতলা ও ডিডিএলজি কক্ষ সংস্কারের জন্য ২০২৪ সালের ১২ মে ১২৯ নম্বর স্মারকে দুটি কোটেশনের মাধ্যমে ১০ লাখ টাকার কাজ দেখানো হয়। ওই দুই কক্ষের মেরামত, টাইলস স্থাপন, দরজা-জানালা পরিবর্তন, স্যানিটারি ফিটিংসসহ বিভিন্ন সংস্কারকাজ করে গণপূর্ত বিভাগ। এসব কাজের বিপরীতে ১৪ লাখ টাকা বিল দেওয়া হয়। ঠিকাদার মিলটন এক বছর আগেই কাজ শেষ করে বিল তুলে নেন।অভিযোগ রয়েছে, একই দুটি কক্ষে পরবর্তী জুন ক্লোজিংয়ের সময় আবার টাইলস বসানো ও গ্রিল স্থাপনের কাজ দেখিয়ে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকার বিল-ভাউচার তৈরি করা হয়। অথচ এর আগে একই কক্ষে সংস্কারকাজ সম্পন্ন হয়েছিল।এবারের কাজের ঠিকাদার হিসেবে দেখানো হয় নগরীর কালিজিরা এলাকার বাসিন্দা এবং জেলা প্রশাসন কার্যালয়ের সাবেক নাজির আসাদুজ্জামান খানের বড় ভাই আক্তারুজ্জামান খানের প্রতিষ্ঠান মেসার্স জামান অ্যান্ড সন্সকে।এ বিষয়ে আক্তারুজ্জামান *আমার দেশ*কে বলেন, তিনি আগে ঠিকাদারি করতেন, এখন আর করেন না। সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করেছেন কি না, জানতে চাইলে প্রথমে অস্বীকার করেন। পরে সেখানে ঠিকাদারি কাজ করার কথা স্বীকার করলেও কবে, কী ধরনের এবং কত টাকার কাজ করেছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি। একপর্যায়ে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সাড়া পাওয়া যায়নি।মনিহারি কেনার নামে ১১ লাখ টাকা উত্তোলনের অভিযোগসূত্রের দাবি, ২০২৫-২৬ অর্থবছরে জেলা প্রশাসকের কার্যালয়ের মনিহারি সামগ্রী কেনার জন্য ৩৪ লাখ টাকা বরাদ্দ ছিল। প্রকৃতপক্ষে এ খাতে ১০ লাখ টাকা ব্যয় হয়। অবশিষ্ট ২৪ লাখ টাকার মধ্যে জুন ক্লোজিংয়ের সময় ১১ লাখ টাকা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।অভিযোগ অনুযায়ী, চাহিদাপত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (এনডিসি) অনুমোদন ছাড়াই ১১টি বিলের মাধ্যমে এই অর্থ উত্তোলন করা হয়। নগরীর বান্ধ রোডের লঞ্চঘাট এলাকার তালুকদার স্টোরস থেকে মুদি ও মনিহারি সামগ্রী কেনার নামে এসব বিল দেখানো হয়েছিল।অভিযোগ রয়েছে, তালুকদার স্টোরসের নামে ১১ লাখ টাকার চেক প্রতিষ্ঠানটির হিসাবে জমা দেওয়ার পর সেখান থেকে সমপরিমাণ অর্থের অগ্রিম চেক নিয়ে তা তুলে নেন জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক নাজির আসাদুজ্জামান খান আসাদ। সাবেক জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ও বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভিনের নির্দেশে দোকানমালিকের সঙ্গে যোগসাজশ করে এ অর্থ উত্তোলন করা হয় বলেও অভিযোগ রয়েছে।তালুকদার স্টোরসের মালিক জাহানারা বেগম ও তাঁর স্বামী হুমাউন কবীর অর্থ উত্তোলনের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হুমাউন কবীর জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে তাঁদের আগের পাওনা অর্থও পরিশোধ করা হয়নি। তবে শিগগিরই তা পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।বাঁধাইয়ের কাজ না করেই পাঁচ লাখ টাকার বিল?জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন শাখার ফাইলের কাভার, কর্মকর্তাদের হ্যান্ড নোটবুক এবং রেকর্ড রুমের নথি বাঁধাইয়ের জন্য পাঁচ লাখ টাকার বিল-ভাউচার জমা দেওয়ার অভিযোগও উঠেছে।সরকারি বিধি অনুযায়ী, স্বীকৃত বাঁধাইখানা থেকে খাতাপত্র বাঁধাই করার কথা। কিন্তু অভিযোগে বলা হয়েছে, তালুকদার স্টোরসের নামে বিল দেখানো হলেও সেখানে কোনো বাঁধাইয়ের কাজ করা হয়নি।এ বিষয়ে হুমাউন কবীর জানান, প্রতিষ্ঠানটি তাঁর স্ত্রীর নামে হলেও বর্তমানে তিনি এটি দেখাশোনা করেন। তাঁদের দোকানে বাঁধাইয়ের কাজ হয় না। বাঁধাই ও মনিহারি সামগ্রী কেনার বিল-ভাউচারের বিপরীতে তাঁদের হিসাবে টাকা জমা হয়েছিল। পরে সমপরিমাণ টাকার চেক নিয়ে সাবেক নাজির আসাদুজ্জামান সেই অর্থ তুলে নেন বলে দাবি করেন তিনি।অন্যদিকে, সাবেক নাজির আসাদুজ্জামান আসাদ *আমার দেশ*কে বলেন, মনিহারি সামগ্রী কেনা ও বাঁধাইয়ের জন্য তালুকদার এন্টারপ্রাইজের হিসাবে দেওয়া বিলের টাকা তিনি চেকের মাধ্যমে তুলে আনেননি। তাঁর ভাইও জেলা প্রশাসকের কার্যালয়ে কোনো কাজ করেননি। তবে কার্যালয়ের কেউ তাঁর ভাইয়ের লাইসেন্স ব্যবহার করে থাকতে পারেন বলে মন্তব্য করেন তিনি। কে লাইসেন্স ব্যবহার করেছেন, তা তদন্ত করলে বেরিয়ে আসবে বলেও জানান আসাদ।পুরোনো প্রিন্টার কিনে নতুনের বিলজেলা প্রশাসকের কার্যালয়ের প্রিন্টার কেনার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ঢাকা থেকে কয়েকটি পুরোনো বা সেকেন্ড হ্যান্ড প্রিন্টার কেনা হলেও বরিশালের আর্ক কম্পিউটার থেকে নতুন কম্পিউটার কেনার ভাউচার দেখিয়ে অতিরিক্ত অর্থ উত্তোলন করা হয়েছে।শুধু প্রিন্টার নয়, এর আগে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম কেনার নামেও সরকারি অর্থের অনিয়ম হয়েছে বলে সূত্রের দাবি। কোনো কোনো ক্ষেত্রে কম্পিউটার না কিনেই ভাউচার দেখিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।এ ছাড়া জুন ক্লোজিংয়ের সময় সভা-সেমিনার, জ্বালানি ও আপ্যায়নসহ বিভিন্ন খাতে ভুয়া বিল-ভাউচার তৈরি করে কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।কল্যাণ তহবিলের অর্থ নিয়েও প্রশ্নজেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। সূত্রের তথ্য অনুযায়ী, কল্যাণ পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন তুলনামূলক ছোট পরিসরে হওয়ায় তহবিলে ৭৭ হাজার টাকা উদ্বৃত্ত ছিল। অনুষ্ঠান উপলক্ষে বরিশাল সিটি করপোরেশন ২৫ হাজার টাকা এবং জেলা পরিষদ ২০ হাজার টাকা অনুদান দিয়েছিল।সব মিলিয়ে ওই খাতে এক লাখ টাকার বেশি উদ্বৃত্ত থাকলেও সাবেক জেলা প্রশাসক ও বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক মিলে তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের পক্ষে বিস্তারিত নথি বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।বর্তমান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভিনের বিরুদ্ধে আগের কর্মস্থলেও দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠার কথা উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের প্রতিবাদে সেখানে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছিল বলেও সূত্রের দাবি।তদন্তের আশ্বাস বর্তমান জেলা প্রশাসকেরঅভিযোগের বিষয়ে জানতে গত দুই দিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভিনের কার্যালয়ে গিয়েও তাঁর সাক্ষাৎ পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।বর্তমান জেলা প্রশাসক মামুন খন্দকার *আমার দেশ*কে বলেন, ‘জুন ক্লোজিংয়ের সময় আমি ছিলাম না, তাই এ বিষয়ে বলতে পারব না। এ ছাড়া পুরোনো প্রিন্টার কেনার বিষয়টি আমার জানা নেই।’তিনি আরও বলেন, অভিযোগগুলো তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

বরিশাল ডিসি কার্যালয়ে একই কাজে একাধিক বিল, পুরোনো যন্ত্রে নতুনের ভাউচার