প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখিয়ে পিরোজপুরের কাউখালীতে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিনজনকে গত সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আসপদ্দি গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে চক্রটি। প্রতারণার মূল হোতা হিসেবে শাকিল আহমেদের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ অনুযায়ী, শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে মাত্র সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আসপদ্দি গ্রামের ইন্দ্রজিৎ সেন ও শিউলি বেগম জানান, প্রায় দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে স্থানীয় মানুষের আস্থা অর্জন করে চক্রটি। পরে সেই আস্থাকে পুঁজি করে বিভিন্নজনের কাছ থেকে টাকা নেওয়া হয়।
এদিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের জরিপের কাজে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা এ ঘটনার সঙ্গে জড়িত নন।
জেলা প্রশাসকের নির্দেশে গত সোমবার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং তাঁদের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আট থেকে ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।